চারটি ভূতের গল্প, একটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিৎ রায়ের ‘অনাথবাবুর ভয়’, ‘ব্রাউন সাহেবের বাড়ি’ ও ‘লক্ষেৗর ডুয়েল’ এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ভূত ভবিষ্যৎ’—এই চারটি ভূতের গল্প নিয়ে একটি ছবি তৈরি করছেন সন্দীপ রায়। থাকছে একটি চরিত্র—তারিণীখুড়ো। সত্যজিৎ রায়ের সৃষ্টি এই ‘তারিণীখুড়ো’ চরিত্রটি ছবিতে গল্পগুলো বর্ণনা করবে। ‘তারিণীখুড়ো’ চরিত্রে অভিনয় করবেন পরান বন্দ্যোপাধ্যায়। সন্দীপ রায় বললেন, ‘অনেক দিন ধরেই চমৎকার কিছু ভূতের গল্প খুঁজেছি। এবার পেয়ে গেলাম। আশা করছি, আগস্টে ছবিটির কাজ শুরু করব।’ সন্দীপ রায় আরও বললেন, ‘ভূতের গল্প তো সেই ছোটবেলায় অনেক পড়েছি। ভূতের গল্প আমার দারুণ পছন্দ। কিন্তু ভূত আমি একেবারেই বিশ্বাস করি না। ভৌতিক ছবি আর ভূতের গল্প অবলম্বনে তৈরি ছবির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। ভালো একটি ভূতের গল্প পড়ার সময় পাঠকের মনে যে অনুভূতি তৈরি হয়, চেষ্টা করব, আমার ছবি দেখেও যেন দর্শকদের মনে তেমনি অনুভূতি হয়।’ ভূতের গল্প নিয়ে ছবিটি এ বছরের ডিসেম্বরে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে সন্দীপ রায়ের। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। টিএনএন।