বাংলাদেশে ব্যক্তিমালিকানাধীন চিত্রশালার অন্যতম পথিকৃৎ ফয়েজ আহমদের জন্মদিন উপলক্ষে গত শুক্রবার শিল্পাঙ্গনে শুরু হয়েছে ১৪ দিনের প্রদর্শনী। শিরোনাম ‘গ্রেজিং গ্রাউন্ড’ বা ‘চারণভূমি’। প্রদর্শনীটি চারণভূমি নিয়ে আঁকা ছবি ও ছাপচিত্রের। লোকজ জীবন এবং পশুচারণভূমি নিয়ে এই প্রদর্শনীর ছবিগুলো এঁকেছেন শিল্পী এ এইচ ঢালি তমাল।
‘চারণভূমি’ উদ্বোধন করতে এসে ফয়েজ আহমদকে নিয়ে স্মৃতিচারণা করেন শিল্পী রফিকুন নবী। তিনি বলেন, বাংলা নতুন বছরকে বরণ করে নিতে যে মঙ্গল শোভাযাত্রা, তার শুরুতেও ফয়েজ ভাই ছিলেন নেপথ্য নায়কদের একজন। শিল্পী নিসার হোসেন বলেন, ফয়েজ আহমদ এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি নিঃস্বার্থভাবে কাজ করতেন। এ কারণে তাঁর মাধ্যমে ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে আর্টের উন্নতি হয়েছিল।
প্রদর্শনীতে রয়েছে ৫১টি শিল্পকর্ম। উদ্বোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রসচিব ওয়ালিউর রহমান।
প্রদর্শনী চলবে ১৪ মে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।