চারুকলার দাদুকে নিয়ে প্রামাণ্যচিত্র আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আর দাদুকে চেনেন না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার থেকে জাতীয় জাদুঘরের প্রধান ফটক, এর মাঝখানের ফুটপাথে বসে থাকতে দেখা যেত মোমেন আলী মৃধা নামের বয়স্ক একজন মানুষকে। বিক্রি করতেন নানা রকম মালা। চারুকলার দাদু নামে পরিচিত শতবর্ষী এ মানুষকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘দাদু’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এটি দেখানো হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে।
প্রামাণ্যচিত্রের নির্মাতা মোল্লা সাগর জানান, ২০০১ সাল থেকে দাদুর ওপর প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ শুরু করেন তিনি। মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সাল পর্যন্ত আমি দাদুকে ক্যামেরায় ধারণ করি। ২০১৩ সালে সেগুলো সম্পাদনা শুরু করি। তাঁর ১০০ বছরের জীবন অভিজ্ঞতায় ভরা। এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর, একাত্তরে মুক্তিযুদ্ধসহ আরও অনেক কিছু।’ তিনি আরও বলেন, ‘দাদু লালন-দর্শনের মানুষ ছিলেন। তাঁরও ছিলেন একজন গুরু। প্রামাণ্যচিত্রে দাদুর দর্শনগত অবস্থানকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’
চারুকলায় মডেল হিসেবে ১৯৪৮ সালে তাঁকে ডেকে নেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এরপর থেকে চারুকলার শিক্ষার্থীরা তাঁর পোর্ট্রেট এঁকেই পাস করেছেন। দাদুর অধিকাংশ সময় কাটত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট চত্বরে। ২০১১ সালে ১০৩ বছর বয়সে তিনি মারা যান।