চারুকলায় জমজমাট লোকজ আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার সামনে শুক্রবার সন্ধ্যায় শত শত দর্শকের উপস্থিতি। বিকেলে থেকেই মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, কেউ কেউ ঠোঁট মেলালেন। জমজমাট এ আয়োজন ছায়ানটের।
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক তাঁর লেখা ও কর্মে বরাবরই দেশজ শিক্ষা ও সংগীতকে সব থেকে গুরুত্ব দিয়েছেন। বিশ্বাস করতেন, এই দুইয়ের যথাযথ পরিচয়, চর্চা ও সংরক্ষণে বাঙালি সংস্কৃতির কাঠামো মজবুত হয়ে উঠবে। তারই এক উপায় নিজের গানের শেকড়ের সঙ্গে পরিচয়। যাতে আছে নতুন করে জেগে ওঠার সম্ভাবনা। সেই উজ্জীবনেরই একটি আয়োজন দেশঘরের গান।
দুই দিনের এই উৎসবের আজ সন্ধ্যায় উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট গীতিকার-সুরকার ও লোকগানের শিল্পী আবদুল গফুর হালি। আয়োজন সম্পর্কে বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। ধন্যবাদ জানান সহসভাপতি সারওয়ার আলী।
উৎসবের মূল পর্বের সূচনা হয় আঞ্চলিক গানের মধ্য দিয়ে। উদ্বোধক আবদুল গফুর হালী তাঁর শিষ্য নয়ন শীলকে নিয়ে পর পর গাইলেন তাঁরই লেখা দুইটি গান। এরপর নয়ন শীল চট্টগ্রামের ভাষায় গাইলেন একটি গান। আবদুল গফুর হালী নিজের লেখা মাইজভান্ডারি গান ‘ও দেখে যায় মাইজভান্ডারের হইতাছে নূরের খেলা’ পরিবেশনের মধ্য দিয়ে গান শেষ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের কেরামত আলী সরকার ও তাঁর দল পরিবেশন করেন আলকাপ গান। নদীর পাড়ের সখা-সখীর প্রেম কাহিনি তুলে ধরা হয় এই আলকাপ গানে। কখনো হাস্যরস, কখনো প্রেমের আবেগ আবার কখনো দুঃখ-যন্ত্রণার বর্ণনা দেন শিল্পীরা।
প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল শহীদুল ইসলাম জটাধারী ও তাঁর দল পরিবেশন করে ঝাপান গান। এর আগে কুড়িগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন পঞ্চানন রায়। সবশেষে টাঙ্গাইলের জহের আলী ও তাঁর দল পরিবেশন করেন সংযাত্রা।
কাল শনিবার উৎসবের দ্বিতীয় ও শেষ দিন সন্ধ্যা ছয়টা থাকবে খুলনার জাহিদ গাজীর দল এবং জেবুন্নেসা ও তাঁর দলের পরিবেশনায় গাজীর গান। দিনাজপুরের নির্মল চন্দ্র সরকার ও অজিত সরকার পরিবেশন করবেন কবিগান।