চারুকলায় জয়নুল উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরিবেশ সাজসজ্জায় এখন আরও দৃষ্টিনন্দন। আজ মঙ্গলবার সকালে চারুকলা প্রাঙ্গণে পা রাখতেই দেখা গেল চারদিকে সাজ সাজ রব। বিশাল ক্যাম্পাস ঝকঝকে তকতকে, বসতবাড়ির নিকোনো উঠানের মতো। মঙ্গলবার সকালেই নবীন-প্রবীণের সম্মিলনে মুখর হয়ে ওঠে মনোরম ক্যাম্পাস। সব মিলিয়ে চারুকলার বকুলতলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
এই উৎসবের উপলক্ষ চারুকলার ৭০ বছর পূর্তি এবং দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উদ্যাপন। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। মঙ্গলবার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি চারুকলা অনুষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। অনুষদ প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি টিএসসি প্রদক্ষিণ করে চারুকলা অনুষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, অনুষদের ডিন নিসার হোসেন, শিল্পাচার্যের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীসহ চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ‘জয়নুল উৎসব ২০১৮’ ও ‘চারুকলার ৭০ বছর পূর্তি’ উপলক্ষে এ বছরের প্রদর্শনীকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষক-শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে ১০ থেকে ২০ ডিসেম্বর। এ ছাড়া বার্ষিক প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম ময়মনসিংহের কিশোরগঞ্জে ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর। তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর অধ্যয়ন শেষে সেখানেই শিক্ষকতায় যোগ দেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের আর্তমানবতার কালজয়ী চিত্রকলা রচনার মধ্য দিয়ে তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। দেশভাগের পর ১৯৪৭ সালে তিনি ঢাকায় চলে আসেন। তিনি ১৯৪৮ সালে তাঁর কয়েকজন সহযোগী মিলে গড়ে তোলেন ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফট। এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শিল্পাচার্য এর অধ্যক্ষের দায়িত্ব নিয়ে মাত্র এক দশকের মধ্যেই প্রতিষ্ঠানটিকে দেশের চারুকলা আন্দোলনের কেন্দ্রে পরিণত করে তোলেন।

শিল্পাচার্যের জন্মদিনে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে নিয়মিতভাবে জয়নুল উৎসবের আয়োজন শুরু হয় ১৯৮৮ সাল থেকে। চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন জানান, প্রথম দিকে ছাত্ররাই এর আয়োজন করত। উৎসবটি বড় আয়োজনে করা হচ্ছে ২০০৯ সাল থেকে। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পাশাপাশি প্রবর্তন করা হয়েছে ‘জয়নুল সম্মাননা’। যাঁরা শিল্পকলা চর্চা ও শিল্প শিক্ষার প্রসারে অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করা হচ্ছে। এবার দেশের শিল্পাঙ্গনে কারুশিল্প চর্চা, শিক্ষা, আন্দোলন সংগ্রাম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে শিল্পী মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায় চৌধুরী ও রফিকুন নবীকে সম্মাননা দেওয়া হয়েছে।
৭০ বছর পূর্তি উৎসবের অন্যতম আয়োজন ছিল ‘প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী’। জয়নুল আবেদিন, আনোয়ারুল হক, সফিউদ্দিন আহমেদ, শফিকুল আমীন, কামরুল হাসান প্রমুখ প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের কাজসহ এখানে ছিল বয়ঃকনিষ্ঠ শিক্ষকের ছবিও। ১০ ডিসেম্বর জয়নুল গ্যালারিতে শুরু হয়ে প্রদর্শনীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলেছে।
জয়নুল আবদিন ৬২ বছর বয়সে ১৯৭৬ সালের ২৮ মে পৃথিবীর মায়া কটিয়ে যান।