চারুকলায় দলীয় শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী সুব্রত দাসের একটি চিত্রকর্ম
শিল্পী সুব্রত দাসের একটি চিত্রকর্ম

ক্যানভাস কাপড়ে অ্যাক্রিলিক কিংবা তেলরং চাপিয়ে শিল্পীরা এঁকেছেন ছবি। কেউবা সিরামিকে তৈরি করেছেন শিল্পকর্ম। সেসব ছবি বলছে প্রকৃতি, মানুষের আবেগ, তার চারপাশের কথা। কিছু ছবি মূর্ত, কিছু বিমূর্ত।
বলা হচ্ছে বাংলাদেশ ও ভারতের ১৫ জন সমসাময়িক শিল্পীর দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘এক্সপ্রেশন অব আর্ট’ বা শিল্পের অভিব্যক্তির কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে গতকাল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২১ মে পর্যন্ত। শিল্পীদের একটি দল ‘আঁকিয়ে’ প্রদর্শনীর আয়োজক।
বাংলাদেশের শিল্পীরা হলেন আনিসুজ্জামান মামুন, অসীম হালদার, মুহাম্মদ মেহেদি হাসান, নাজিয়া মাসুদ খান, পীযূষ কান্তি সরকার, প্রবাল কুমার সাহা, সাইফুল হক, সুব্রত দাস, সুদীপ্ত মল্লিক, সুনীল কুমার ও উত্তম কুমার তালুকদার। আর ভারত থেকে এসেছেন রিনা মুস্তাফি, শান্তনু ধর, সীমা ঘোষ ভট্টাচার্য ও গৌতম আচার্য।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শিল্পী চন্দ্র শেখর দে।