চারুকলায় দুই বাংলার শিল্পীদের মেলবন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মনোরম পরিবেশে আড্ডার আমেজে ছবি আঁকার আনন্দ ভাগাভাগি করতে সমবেত হয়েছিলেন দুই বাংলার প্রথিতযশা শিল্পীরা। গতকাল শনিবার তাঁরা কেবল ছবিই আঁকেননি, সঙ্গে আঁকাজোকা নিয়ে মতবিনিময় করেছেন পরস্পরের সঙ্গে।মূল অনুষ্ঠান শুরু হয়েছিল বকুলতলায়। চারুকলা অনুষদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবন আয়োজিত ‘ঢাকা-শান্তিনিকেতন শিক্ষা বিনিময় কার্যক্রম ২০১০-২০১১’-এর অংশ হিসেবে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ক্যাম্পের উদ্বোধন করেন। সকালের ওই আয়োজনে উপস্থিত ছিলেন মুস্তাফা মনোয়ার, শিল্পী কাইয়ুম চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ। চারুকলা অনুষদের ডিন মতলুব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী নিসার হোসেন।আনুষ্ঠানিক উদ্বোধনের পরে দুই দেশের শিল্পীরা চলে যান চারুকলা অনুষদের মিলনায়তনে। সেখানে ভারতের খ্যাতিমান চিত্রকর কে জি সুব্রহ্মণ্যন্ ছাড়াও ছবি এঁকেছেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, শান্তিনিকেতনের বিশ্বভারতীর কলাভবনের অধ্যক্ষ পঙ্কজ পাঁওয়ার, রফিকুন নবী, মুস্তাফা মনোয়ার, কালিদাস কর্মকার, শহিদ কবীরসহ ভারতের ১২ এবং বাংলাদেশের ১৪ জন খ্যাতনামা চিত্রশিল্পী। তাঁদের সঙ্গে চারুকলা অনুষদের শিক্ষকসহ মোট ৬০ জন শিল্পী ক্যাম্পে অংশ নিচ্ছেন। ‘ঢাকা-শান্তিনিকেতন শিক্ষা বিনিময় কার্যক্রম’-এর অংশ হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারুকলা অনুষদের পাঁচটি বিভাগের শিক্ষা বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো—অঙ্কন ও চিত্রায়ণ, ভাস্কর্য, ছাপচিত্র, কারুশিল্প ও সিরামিকস। আজ রোববার আর্ট ক্যাম্প শেষ হলেও বিভাগ অনুযায়ী ২৭ জানুয়ারি পর্যন্ত এ শিক্ষা বিনিময় কার্যক্রম চলবে।