গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে মৃৎশিল্প প্রদর্শনী। জয়নুল গ্যালারির এ প্রদর্শনীতে রয়েছে অনুষদের মৃৎশিল্প বিভাগের ছয়জন শিক্ষক ও চীনের চার শিল্পীর শিল্পকর্ম। প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনের পর নিজেদের কাজগুলো ঘুরে ঘুরে দেখেন উপস্থিত চীনা তিন শিল্পী ও শিক্ষক। অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম ও চারুকলার ডিন নিসার হোসেন। অতিথিরা বলেন, এ প্রদর্শনীর মধ্য দিয়ে দুই দেশের শিল্পীদের বন্ধুত্ব ও বিনিময় দুই পক্ষকেই সমৃদ্ধ করবে। আগামীকাল ও পরশু চীনা শিল্পীদের সঙ্গে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেবেন অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে অংশ নিতে এসেছেন চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে মৃৎশিল্প নিয়ে গবেষণারত শিক্ষার্থী মোহাম্মদ রেজাউর রহমান। প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন আজহারুল ইসলাম শেখ, মো. রবিউল ইসলাম, স্বপন কুমার সিকদার, দেবাশীষ পাল, মোহাম্মদ সাব্বির-আল রাজী, চিন্ময়ী সিকদার। চীনা শিল্পীরা চ্যাং লিওং, চাও লু, দুং চুয়াংচুয়াং ও গাও ইয়ানহুই।