
হাতের পিঠ দিয়ে চোখধাঁধানো রোদ ঠেকানো দায়। রাতে বৃষ্টি হলে পরের দিনের শুরুটা হয় অন্য রকম। গতকাল সোমবারের সকালটা তেমনই এক ‘অন্য’ সকাল ছিল। রোববারের টানা বৃষ্টির পর এই সকালটা বড্ড দরকার ছিল শহরবাসীর।
হাতের পিঠে রোদ আড়াল করে ঢুকতে হয় চারুকলায়। সেখানে চলছে চার তরুণের কারুশিল্প প্রদর্শনী ‘কারুকাহন’। রৌদ্রোজ্জ্বল সকালেই জয়নুল আর্ট গ্যালারি-১-এর দরজা খুলে দেওয়া হয়েছিল। এই ক্যাম্পাসের তো বটেই, প্রদর্শনীর জন্য এই গ্যালারিটি দেশের প্রায় সব শিল্পীরই প্রিয়।
গ্যালারিতে বসে ছিলেন তিন তরুণী। তাঁদের সামনের টেবিলে লোকজ কারুপাত্রে নানা ধরনের জিনিস। চাইতেই সেখান থেকে একটি ক্যাটালগ এগিয়ে দেন তাঁরা। দুইরঙা পাটের সুতোয় বাঁধা ছয়টি পাতা। সেখানকার ছবি দেখে মিলিয়ে নিই—তরুণ চার শিল্পীর দুজন তাঁরাই।
প্রদর্শনীতে লোকজ নানা কাজের ভিন্ন উপস্থাপনা। বাটিকের যে কাজগুলো আছে, সেগুলো গাঁয়ের বধূরাও করেন। তবে এই শিল্পীদের কাজে মিলবে এসব নিয়ে দীর্ঘ পঠনপাঠন ও শিল্পের মধ্যে বসবাসের চিহ্ন। একটি ফ্রেমে সাধারণ কাপড়ের ওপর পাওয়া যায় সুই-সুতোয় আঁকা একটি পুতুল। ওটার হাতে নাচছে আরও কয়েকটি পুতুল। পুতুলের হাতে পুতুলের নৃত্যে একটি আধ্যাত্মিকতার ইঙ্গিত পাওয়া যায়।
প্রদর্শনীতে বাটিক ছাড়াও আছে বয়নশিল্প, মেটাল, অ্যাপলিক ও কাঠখোদাইয়ের কাজ। এ ছাড়া চিরাচরিত কারুপণ্যের মিশেলে নতুন ধরনের কাজ আছে। এর নাম দেওয়া হয়েছে ‘ক্রিয়েটিভ ক্র্যাফট’। শিল্পরসিকসহ সবার চোখকে প্রশান্ত করবে কাজগুলো। ফ্রেমের বাইরের খোলা কাজগুলো একটু স্পর্শ করেও দেখা যাবে হয়তো। মেটালের কাজগুলো নান্দনিক, কাঠেরগুলো জীবন্ত। মৃত গাছের শরীর ভেদ করে উড়ে যাওয়া পাখির ছবি তাতে। অ্যাপলিক আর বয়নশিল্পের কাজগুলো ভীষণ মায়াকাড়া। চুড়ি রাখার একটি ছোট্ট আলনাও আছে প্রদর্শনীতে।
১৬ সেপ্টেম্বর বিকেলে এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সে সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, বরেণ্য শিল্পী রফিকুন নবী, কারুশিল্প বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ মোল্লা, সহকারী অধ্যাপক আবদুল মোমেন। শিল্পকর্মগুলো গ্যালারির দেয়ালে ঝোলানোর পর সেগুলো দেখে গেছেন শিল্পী আবুল বারক আলভী।
গ্যালারিতে উপস্থিত দুই নবীন শিল্পী হোসনে আরা শেলী ও নাবিলা নবী জানান, কারুশিল্প বিভাগে তাঁদের ব্যাচে বর্তমান শিক্ষার্থী ছয়জন। গত বছরের ৭ এপ্রিল কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মো. রাখিবুল ইসলাম চলে গেছেন সব শিল্পের ওপারে। বন্ধু ও সহপাঠী এই শিল্পীরা মনে করেন, রাখিবুল তাঁদের সঙ্গেই আছেন। তাঁরা জানান, প্রদর্শনীর কিছু কাজ ছয় মাস ধরে করা, আর কিছু তিন বছর আগের। প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তর ১২টি, নাবিলার ১৬টি, রাখিবের ৯ এবং হোসনে আরার রয়েছে ১২টি কাজ। সামনের বছর আরেকটি প্রদর্শনী করবেন তাঁরা।
ভাস্কর্য বিভাগের অধ্যাপক মুকুল বাড়ৈ গ্যালারিতে এসে চোখ বোলান। স্নেহমাখা কণ্ঠে বলেন, ‘প্রদর্শনীটা এই সময়ে না হলে আরও দর্শনার্থী আসতেন।’ ঈদের তাড়া থাকলেও দর্শনার্থীরা সাড়া দিয়েছেন। নবীন এই শিল্পীরা তাতে যথেষ্ট আনন্দিত।
আজই শেষ হচ্ছে এই প্রদর্শনী।