চারুনীড়মের কাহিনিচিত্র উৎসব
নট্যব্যক্তিত্ব ম হামিদ বললেন, এক ঘণ্টার নাটকের বদলে এখন চলছে ধারাবাহিক ডেইলি সোপ। বেসরকারি চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বিজ্ঞাপনের চাপে একেকটি পর্ব ২২ মিনিট থেকে ১২ মিনিট পর্যন্ত নামিয়ে আনা হয়। বিজ্ঞাপনদাতাদের কাছে চ্যানেল কোণঠাসা, আর চ্যানেলের কাছে নির্মাতা।
অষ্টমবারের মতো আয়োজিত ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’-এর উদ্বোধনীতে গতকাল তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ১০ মার্চ পর্যন্ত চলমান এ উৎসবে ৩০টি নাটক প্রদর্শিত হবে। শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে।
গতকালের অনুষ্ঠানে নাট্যকার মাসুম রেজা বলেন, ডেইলি সোপের পর্ব লিখতে মাথায় রাখতে হয় এসব পর্বে কোন কোন শিল্পীকে পাওয়া যাবে। ঈদের সময় এক ঘণ্টার নাটক লিখতে গেলে প্রযোজক ও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অনুরোধ আসে, নাটকটি যেন ‘সিরিয়াস’ না হয়ে যায়।
নাট্যকার গোলাম সোহরাব বলেন, এখন পাশের দেশ থেকেও চিত্রনাট্যকার ও কলাকুশলী এনে নাটক বানানো হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মতিন রহমান, নাট্যকার আজাদ আবুল কালাম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চারুনীড়ম ইনস্টিটিউটের পরিচালক গাজী রাকায়েত প্রমুখ।