চারুবাকের ‘আলো মাখো, ভালো থাকো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো মাখো, ভালো থাকো নামে দেবাশিস রূপন ও রাজিয়া রোজীর দ্বৈত আবৃত্তি ছিল শুক্রবার সন্ধ্যায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। আবৃত্তি সংগঠন চারুবাকের এই প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন মীর বরকত। চার পর্বে বিন্যস্ত প্রযোজনাটি সাজানো হয়েছে বিচিত্র স্বাদের রচনাসম্ভারে। এতে ছিল ইতিহাস-ঐতিহ্যনির্ভর কবিতা, দেশপ্রেমমূলক কবিতা, মানব-মানবীর চিরন্তন প্রেমবিষয়ক ও মিথনির্ভর কবিতা। প্রথম অংশে ছিল রবীন্দ্রনাথের ছিন্নপত্র-এর একটি চিঠি ও ‘পৃথিবী’ কবিতাটি। পর্যায়ক্রমে কাজী নজরুল ইসলামকে নিয়ে মিলি চৌধুরীর লেখা ‘বাবার নজরুল’, শরৎকুমার মুখোপাধ্যায়ের ‘বেহুলার প্রতি অর্ফিয়ুস’। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি জীবনানন্দ দাশের কবিতাবলির মধ্যে ছিল ‘বোধ’ আর ‘পিপাসার গান’। এ ছাড়া ছিল কবি ময়ূখ চৌধুরীর ‘এ শহর আমার শহর’ ও ‘চণ্ডীদাস-রজকিনী: প্রতিশোধ পর্ব’। এই প্রযোজনার কবিতাগুলোর মধ্যে দিয়ে চারুবাকের শিল্পীরা প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলের ভেতর এক দীপ্ত আশাবাদ পৌঁছে দিতে চেয়েছেন শ্রোতাদের কাছে। সেই আশার আলো মেখেই তাদের পক্ষ থেকে ভালো থাকার আহ্বান দেশবাসীকে।