চারুলতা ও অপূর্ব
মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত অপূর্ব। বললেন, ‘যতক্ষণ আমি তাঁর সামনে ছিলাম, বারবার সত্যজিৎ রায়ের চারুলতাকে মনে পড়েছে। পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল।’ এবার একই টেলিছবিতে অভিনয় করেছেন তাঁরা। নাম মন্টি আন্টি জিন্দাবাদ। এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালার জন্য তৈরি হচ্ছে এটি।অপূর্ব জানালেন, টেলিছবিটির কাজ হয়েছে কলকাতার বাইরে, নরেন্দ্রপুরে। আর এটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম।অপূর্ব বললেন, ‘মাধবী মুখোপাধ্যায় আমাকে খুব স্নেহ করেছেন। কাজের ফাঁকে তাঁর বাসায় যাওয়ার সুযোগ হয়েছিল। আমি যে কক্ষটিতে বসেছিলাম, তা ভরা ছিল শুধু পুরস্কারে। সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যেসব পুরস্কারের নাম ছোটবেলা থেকে শুনেছি, সেগুলো এবার হাতে নিয়ে দেখেছি। তিনি আমাকে কলকাতায় গিয়ে কাজ করার পরামর্শ দিলেন। তাঁর কথা শুনে আমি কী বলব, ভেবে পাচ্ছিলাম না।’মাহবুবা ইসলাম বললেন, ‘আমার জানামতে, তিনি আগে কখনো এ দেশের টিভিতে কোনো কাজ করেননি। টেলিছবিটিতে আমিও অভিনয় করেছি। তিনি ছিলেন আমার মা। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের জন্য কাজ করছেন, সে কারণেই তাঁর আগ্রহটা ছিল অন্য রকম। একদিন কাজ শেষ হওয়ার পর তিনি আমাদের জন্য রাতের খাবার পাঠিয়ে দিলেন। চমৎকার মানুষ তিনি।’