চার্লি চ্যাপলিনের দুর্লভ ফুটেজ
একটা মামুলি বাক্সের ভেতরে যে মূল্যবান একটা জিনিস বন্দী হয়ে ছিল, সেটা বোধ হয় ঘুণাক্ষরেও টের পাননি বাক্সটির মালিক। তাই বেঁচে দিয়েছিলেন সস্তা দরে। বাক্সটা কিনেছিলেন ৪০ বছর বয়সী ব্রায়ান হ্যান। দক্ষিণ টাইনিসাইড থেকে বাক্সটি কেনার আগে তিনিও আন্দাজ করতে পারেননি জিনিসটির মর্ম। পরে ভালো করে খুঁজে পেতে আবিষ্কার করেন, সেখানে একটা ৩৫ মিলিমিটারের নাইট্রেট ফিল্ম বিদ্যমান। বেশ পুরোনো, ১৯১৬ সালের। সেই ফিল্ম আর কারোর নয়, স্বয়ং চার্লি চ্যাপলিনের! প্রথম বিশ্বযুদ্ধের ওপর নির্মিত, সাত মিনিটের ওই ফুটেজটি জিপড নামের একটি ছবির। সেখানে দেখা গেছে, গাছে হেলান দিয়ে পত্রিকা পড়ছেন চ্যাপলিন। যুদ্ধকালে খাদ্য সংরক্ষণের ব্যাপারে সচেতনতামূলক একটা লেখা সেই পত্রিকায়। ধারণা করা হচ্ছে, এই কপিটিই একমাত্র। কপিটি গত সপ্তাহে লন্ডনের একটি নিলামে এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। ওয়েবসাইট।