চাষী নজরুলের শেষ ছবির গানের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অন্তরঙ্গ’ ছবির গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি দৃশ্য।
‘অন্তরঙ্গ’ ছবির গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি দৃশ্য।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের শেষ ছবি ‘অন্তরঙ্গ’। এ ছবির শুটিং শেষ করলেও সম্পাদনা শেষ করে যেতে পারেননি খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা। চাষী নজরুল ইসলামের শেষ ছবিটি বর্তমানে সম্পাদনার টেবিল ঘুরে, ডাবিংয়ের কাজ শেষে এখন মুক্তির মিছিলে। এ নভেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবি মুক্তির আগে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এ ছবির গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

গুলশানের একটি কনভেনশন সেন্টারে ছবির অডিও অ্যালবাম প্রকাশের এই আয়োজন করেছিল চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়াও, সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন এই ছবির গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের সহধর্মিনীও।
এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছে নবাগত আলিশার। অনুষ্ঠানে উপস্থিত সবাই আলিশার চলচ্চিত্র যাত্রাকে স্বাগত জানান। সবার শুভকামনার জবাবে আলিশা বলেন, ‘ছবি মুক্তির আগে এটা আমার জন্য অনেক বড় এক পাওয়া। এখন ছবিটি মুক্তি পেলে বুঝতে পারব কেমন করলাম। সবার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।’
পরে আনুষ্ঠানিকভাবে এ চলচ্চিত্রটির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। আগত অতিথিরা আশা প্রকাশ করেন, চাষী নজরুল ইসলামের অন্যান্য ছবির মতো ‘অন্তরঙ্গ’ ছবিটিও জনপ্রিয় ও ব্যবসাসফল হবে।
ছবির নায়িকা চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন আলিশা। আলিশার প্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। ‘অন্তরঙ্গ’ ছবিতে আলিশা প্রধানের সঙ্গে দেখা যাবে অভিনেতা ইমনকেও।