চিকিৎসা শেষে জুলাইয়ে ভারতে ফিরবেন মনীষা
নিউইয়র্কে উন্নত চিকিৎসা নিচ্ছেন ক্যানসার-আক্রান্ত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। দ্রুত সেরে উঠছেন তিনি। যদিও চিকিৎসা শেষ করে তাঁর ভারতে ফেরার তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে আগামী জুলাই মাসে মনীষার ভারতে ফিরে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁর ব্যবস্থাপক সুব্রত ঘোষ।এ প্রসঙ্গে সুব্রত জানিয়েছেন, মনীষার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। দ্রুত সেরে উঠছেন তিনি। তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। সম্ভবত জুলাইয়ে তিনি ভারতে ফিরবেন। অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবকিছু ভালোয় ভালোয় শেষ হলে জুলাই মাসে ভারতে ফেরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাঁর।গত বছরের নভেম্বরে ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় ৪২ বছর বয়সী এই অভিনেত্রীকে। ১০ ডিসেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে মনীষার অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়ে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে ওঠেন তিনি। ক্যানসার থেকে মুক্তি পেতে বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন নেপালি বংশোদ্ভূত এই তারকা। জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। ১৯৯১ সালে ‘সওদাগর’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন নেপালের সম্ভ্রান্ত কৈরালা পরিবারের মেয়ে মনীষা কৈরালা। পরবর্তী সময়ে ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘দিল সে’, ‘মন’, ‘লজ্জা’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছুদিন অনিয়মিত থাকলেও ২০১২ সালে ‘ভূত রিটার্নস’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ছবিটি মুক্তির পর আরও কয়েকটি ছবির প্রস্তাব আসে মনীষার কাছে। বলিউডে নিয়মিত হওয়ার জন্য পুরোদমে প্রস্তুতিও শুরু করেন তিনি। কিন্তু বাদ সাধে শারীরিক অসুস্থতা। হঠাত্ করেই তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে।ক্যানসারের মতো কঠিন রোগ দেহে বাসা বাঁধলেও মনীষা মোটেও ভেঙে পড়েননি। সবকিছু সহজভাবে নিয়ে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সঠিক চিকিত্সা আর মানসিক শক্তিকে হাতিয়ার করে যুদ্ধজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবার নিয়মিত অভিনয় করবেন এবং চমত্কার সব ছবি উপহার দেবেন—এমনটাই প্রত্যাশা সবার।