চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ফারুক
চিকিৎসা শেষে ৩৮ দিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ফারুক। ২২ জুলাই সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন তিনি। বর্তমানে ফারুকের শারীরিক অবস্থা অনেকটা ভালো বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা ফারুক পাঠান।গত ১৪ জুন দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন ফারুক।প্রথম আলো ডটকমকে ফারুক জানিয়েছেন, ‘সকলের দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো। সবার কাছে আরও দোয়া চাই আমি।’ফারুক বর্তমানে ইউনাইটেড হাসপাতালের চিকিত্সক নুরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দেশে ফেরার পর ইতিমধ্যে নুরুল ইসলামের তত্ত্বাবধানে দুবার ডায়ালাইসিস করা হয়েছে তাঁর। বাসা থেকে গিয়ে ডায়ালাইসিসের কাজগুলো সারছেন তিনি।ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের দুই চিকিৎসক শ্রীরা ও ইরামের তত্ত্বাবধানে ফারুকের চিকিত্সা করা হয়েছে। তাঁর যে সমস্যাগুলো ছিল, সেগুলো বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। প্রসঙ্গত, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৭ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল ফারুককে। হাসপাতালে ভর্তি হওয়ার পর মে মাসের মাঝামাঝিতে ফারুককে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নিয়ে আসা হয়। কিন্তু গত ৩১ মে বৃহস্পতিবার হঠাত্ করেই এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়। পরে কিছুটা সুস্থ হলে ৩ জুন রোববার তাঁকে আবারও কেবিনে নিয়ে আসা হয়। ব্যাংককে যাওয়ার আগ পর্যন্ত তিনি কেবিনেই ছিলেন। অ্যাপোলো হাসপাতালে এক মাসের বেশি সময় ধরে চলতে থাকা চিকিৎসায় ফারুকের শারীরিক অবস্থার উন্নতি না হলে তাঁকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।ফারুক সর্বশেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদী হাসানাত ফিরোজের পরিচালনায় ‘ঘরের লক্ষ্মী’ ছবিতে। এ ছাড়া দীর্ঘ অভিনয়জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ‘জলছবি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘কৃষ্ণা’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগরদোলা’, ‘সূর্য সংগ্রাম’, ‘দোস্তি’, ‘জনতা এক্সপ্রেস’, ‘মাটির পুতুল’, ‘পুনর্মিলন’, ‘জীবন সংসার’ ও ‘জীবন নিয়ে যুদ্ধ’। দীর্ঘ অভিনয়জীবনে একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফারুক। লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পান তিনি। এ ছাড়া মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পী বাচসাসসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।