চিঠি নিয়ে 'ইতি কাজী নজরুল ইসলাম'
>* বাংলাদেশের জাতীয় কবির লেখা বিভিন্ন চিঠি নিয়ে অ্যালবাম তৈরি করছে কলকাতার ছায়ানট।
* অ্যালবামের নাম ‘ইতি কাজী নজরুল ইসলাম’।
* ছায়ানট অ্যালবামটি এই ফেব্রুয়ারি মাসেই বের করবে।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন চিঠি নিয়ে এবার একটি অ্যালবাম তৈরি করছে কলকাতার ছায়ানট। অডিও সিডি আকারে তৈরি এই অ্যালবামে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জসীমউদ্দীন, কাজী মোতাহার হোসেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিদের কাছে কাজী নজরুল ইসলামের লেখা চিঠি।
ছায়ানট গত বছর নভেম্বর থেকে শুরু করেছে এই অ্যালবাম তৈরির কাজ। অ্যালবামের নাম ‘ইতি কাজী নজরুল ইসলাম’। জানা গেছে, ছায়ানট অ্যালবামটি এই ফেব্রুয়ারি মাসেই বের করবে।

ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক প্রথম আলোকে জানান, অ্যালবামটির ভাবনা, পরিকল্পনা ও পরিচালনা তাঁর। এই অ্যালবামের বিভিন্ন পাঠে অংশ নিয়েছেন কল্যাণী কাজী, প্রদীপ ঘোষ, দেবাশীষ বসু, অলকানন্দা রায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, মধুমিতা বসু, ঋতব্রত ভট্টাচার্য, দিলরুবা খানম, নাসিমা খান বকুল প্রমুখ।