চিঠি লিখে ক্ষমা চাইলেন মাইলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াম হেমসওয়ার্থ-মাইলি সাইরাস
লিয়াম হেমসওয়ার্থ-মাইলি সাইরাস

গত সেপ্টেম্বরে বাগদান ভেঙে গেছে ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা লিয়াম হেমসওয়ার্থ এবং মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের। দুই মাস পার হওয়ার পর বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করতে শুরু করেছেন মাইলি। বুনো জীবনযাপনের জন্য ক্ষমা চেয়ে সম্প্রতি তিনি লিয়ামকে একটি চিঠি দিয়েছেন। লিয়ামকে এখনো অনেক ভালোবাসেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’ পত্রিকা জানিয়েছে, লিয়ামের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে কয়েকটি গান লিখতে চেয়েছিলেন মাইলি। কিন্তু পরে গান না লিখে আবেগপূর্ণ ভাষায় একটি চিঠি লেখেন তিনি। এর মধ্য দিয়ে বিচ্ছেদের পর নিজের অনুভূতির কথা লিয়ামকে জানিয়েছেন তিনি।
চিঠিতে মাইলি লিখেছেন, তিনি এখনো লিয়ামকে অনেক ভালোবাসেন। লিয়ামের সঙ্গে সাক্ষাতের ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি। লিয়ামের সঙ্গে তিনি কেন দেখা করতে চান, তা নিশ্চিত হওয়া না গেলেও ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, সবকিছু আবার নতুন করে শুরু করার ইচ্ছের কথা জানাতেই লিয়ামের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন মাইলি।
২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে অস্ট্রেলীয় অভিনেতা লিয়ামের প্রেমে পড়েন মাইলি। ২০১২ সালের জুনে বাগদানের ঘোষণা দেয় এই জুটি। লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে বসবাসও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের প্রেম পূর্ণতা পায়নি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাগদান ভেঙে দেন তাঁরা।