চিত্রকর্মে ঐতিহ্য ও জীবনযাত্রার অনুষঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন ও সমাজের প্রতি দায় ও অঙ্গীকার তাঁর সৃজনেও ফেলেছিল ছাপ। ভারতীয় লোককলা, ঐতিহ্য ও গণমানুষের সংগ্রাম সর্বদা তাঁকে অনুপ্রাণিত করেছে এই বিষয়াবলি ভিত্তি করে ছবি আঁকায়। তিনি তাঁর সৃষ্টিকর্মে আধুনিক জীবনের জটিলতা, জীবনযন্ত্রণা তুলে ধরে এ ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হন। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল মঙ্গলবার ভারতের খ্যাতনামা শিল্পী বিজন চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। গতকাল সন্ধ্যায় ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুুরী এবং কলকাতার শিল্পী ও শিল্পসমালোচক দেবব্রত চক্রবর্তী। সঞ্চালনা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। বক্তারা বিজন চৌধুরীর শিল্পকর্ম নিয়ে বক্তব্য দিতে গিয়ে আরও বলেন, তাঁর শিল্পিত মানসভুবন এ দেশের জল-হাওয়া থেকেই রস সিঞ্চন করেছে। বাংলাদেশের মাটিতে প্রোথিত ছিল তাঁর শিল্পসত্তার বীজ। এই বীজই মহীরুহ হয়ে এক অবয়ব পেয়েছে। মনন ও মেধার আশ্চর্য সম্মিলনে তাঁর সৃষ্টি হয়ে উঠেছিল মৌলিক গুণাবলিতে সমৃদ্ধ। তাঁর চিত্রকর্মে রয়েছে প্রাচীনকালের জীবনযাত্রার নানা অনুষঙ্গ। গতকাল শুরু হওয়া প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ৩২টি। ৩১ মে পর্যন্ত চলবে এ প্রদর্শনী।শিল্পী বিজন চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে ফরিদপুরে। ১৯৫৩ সালে তিনি ঢাকার তৎকালীন গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর চারটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।