চিত্রকর্মে নদী ও পাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নদীর দেশ। আর এই নদীর দেশ নিয়ে চিত্রকর্ম হয়েছে অনেক। এবার নদীপাড়ের দৃশ্য তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তিন প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীরা। গত ২২ ও ২৩ জুন শীতলক্ষ্যায় নৌভ্রমণ করেন ২৫ জন চিত্রশিল্পী। আড্ডা-আলাপচারিতা আর নদী সৌন্দর্যদর্শন করে অনাবিল আনন্দে দুটি দিন কাটান এই শিল্পীরা। সেই ভ্রমণের অভিজ্ঞতার আলোকে বেশ কিছু ছবি আঁকেন এই ২৫ শিল্পী। সেসব ছবি নিয়ে গতকাল শুক্রবার থেকে গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ‘আড্ডা থ্রু আর্ট’ শিরোনামের প্রদর্শনী।যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে আমেরিকান সেন্টার ও গ্যালারি চিত্রক। সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য শিল্পী রফিকুন নবী বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল আড্ডা আর সেই সঙ্গে নদীর সৌন্দর্য উপভোগ করা।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন ছবি আঁকতে প্রস্তুত তখন নামে বৃষ্টি। আবার কাজ থামাই, গল্প করি, বৃষ্টি দেখি, আবার বৃষ্টি থামলে কাজ করি।’ অনুষ্ঠানে আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস বলেন, ‘আমি বাংলাদেশের সব বিখ্যাত শিল্পীর সঙ্গে থাকতে পেরে ভীষণ আনন্দিত। আরও বেশি গর্বিত আমার বাচ্চাদের সঙ্গে এলোমেলো বসে খেলার দৃশ্য এঁকেছেন প্রিয় শিল্পী রফিকুন নবী।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই খুব আমোদে কাটিয়েছি দুটি দিন।’২৫ শিল্পীর ২৫টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। এতে অংশ নেওয়া শিল্পীরা হলেন: রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, শহীদ কবির, বীরেন সোম, অলকেশ ঘোষ, গোলাম ফারুক, মনিরুজ্জামান, লায়লা শারমিন, জহির উদ্দিন,আনিসুজ্জামান, ফিরোজ মাহমুদ, জয়া শাহরিন, খালিদ মাহমুদ, সুমন আহমেদ, ওয়াহিদুজ্জামান, আয়শা সুলতানা, মনজুরুল লভি, জাফরিন গুলশান, শাকিল আহমেদ, কামাল উদ্দিন প্রমুখ। প্রদর্শনীর শেষ দিন ২০ জুলাই। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।