চিত্রকর্মে সারাহর বিচিত্র বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শিল্পাঙ্গন গ্যালারিতে ইরানি শিল্পী সারাহ হোজ্জাতির চিত্র প্রদর্শনী দেখছেন রফিকুন নবী, রবিউল হুসাইন ও মফিদুল হক l ছবি: প্রথম আলো
গতকাল শিল্পাঙ্গন গ্যালারিতে ইরানি শিল্পী সারাহ হোজ্জাতির চিত্র প্রদর্শনী দেখছেন রফিকুন নবী, রবিউল হুসাইন ও মফিদুল হক l ছবি: প্রথম আলো

সারাহর স্বপ্নের বিশ্বে জনমানবের দেখা মেলা ভার। অ্যাক্রিলিক ও তেলরঙে তিনি এঁকেছেন ভিনগ্রহের বিচিত্র সব প্রাণীর ছবি। সেই জগৎটিও স্বপ্নের মতো রঙিন। নানা ভঙ্গিমার নারী-পুরুষের আকৃতি ও দানবের অবয়বে তিনি এঁকেছেন চমকপ্রদ ছবিগুলো।
গতকাল রোববার ঢাকায় শুরু হয়েছে ইরানি তরুণ চিত্রকর সারাহ হোজ্জাতির একক চিত্র প্রদর্শনী ‘মাই ড্রিম ওয়ার্ল্ড’। বিকেলে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে এর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। তিনি বলেন, ব্যতিক্রম এ ছবিগুলোয় রঙের চমৎকার কাজ রয়েছে। আপনার স্বপ্নের বিশ্ব কি সত্যিই এত বিস্ময়কর, জানতে চাইলে মুচকি হাসেন শিল্পী। সব থেকে বড় ক্যানভাসটির দিকে আঙুল তুলে বলেন, ‘ওটা আঁকতে মাত্র তিন ঘণ্টা লেগেছে।’ আরও বলেন, প্রদর্শনীর ৩০টি ছবির পেছনে তাঁকে সময় দিতে হয়েছে বছর খানেক। অ্যানিমেশন তৈরির অভিজ্ঞতা তাঁকে চমৎকার এসব ছবি আঁকতে সাহায্য করেছে।
প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন মফিদুল হক, কবি রবিউল হুসাইন এবং বেশ কজন ইরানি নাগরিক ও চলচ্চিত্রকর্মী। যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পাঙ্গন গ্যালারি ও রেইনবো ফিল্ম সোসাইটি। সোসাইটির ৪০ বছর এবং তাদের উৎসবের ২৫ বছর উদ্যাপনের অংশ হিসেবেই এ প্রদর্শনী। ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী।