
গত বছর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্যামেরায় কিছু ছবি তুলে নিয়ে যান মাসুদ উল আলম। নিউইয়র্ক-প্রবাসী এই বাঙালি শিল্পী নিজের স্টুডিওতে সেই ছবিগুলোকে প্রক্রিয়াজাত করে তৈরি করেন কিছু ডিজিটাল চিত্রকর্ম। বাংলাদেশের নদী, মাঠ, ধানখেত, শহরের যানবাহন, রিকশা-সাইকেল, সবজি বিক্রেতার সেই ছবিগুলো সামনে থেকে দেখলে ধাঁধা তৈরি হবে—এগুলো কি জীবন্ত ছবি, নাকি শুধুই তুলির আঁচড়! এক বছর ধরে আঁকা এই ছবিগুলো নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে প্রদর্শনী। ডিজিটাল মিডিয়ায় আঁকা ছবি নিয়ে এটাই এই শিল্পীর প্রথম প্রদর্শনী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে চিত্রকের আঙিনায় ছিল একটি নিবিড় আনুষ্ঠানিকতা। সেখানে উপস্থিত ছিলেন দেশের নিজ নিজ অঙ্গনে উজ্জ্বল শিল্পীর পরিবারের সদস্যসহ বেশ কজন চিত্রশিল্পী। মাসুদ উল আলম ও তাঁর অঙ্কন-প্রবণতা নিয়ে স্মৃতিচারণা করেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত উল আলম, শিল্পরসিক আবুল মনসুর, অধ্যাপক মাহবুব উল আলম, চট্টগ্রাম চারুকলার প্রতিষ্ঠাতা শফিক উল আলম প্রমুখ।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ডিজিটাল মাধ্যমের ৩০টি ছবি। ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে।