চিত্রকে মেঘের পরে মেঘ
শ্রাবণের বিকেল। আকাশে জমেছিল কালো মেঘ। যেকোনো মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা। গ্যালারি চিত্রকের সবুজ উঠোনে ভিড় করছেন শিল্পানুরাগীরা। এমন সময় শিল্পী আজিজুর রহমান গেয়ে শোনালেন, ‘মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।’ সবাই অবাক ও মোহিত। আকাশে মেঘ, কণ্ঠে মেঘ, আর গ্যালারিতেও মেঘ। গতকাল শুক্রবার ধানমন্ডির গ্যালারি চিত্রকে শিল্পী আবদুল মান্নানের একক চিত্র প্রদর্শনী ‘মেঘের পরে মেঘ’-এর উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল এমন মেঘময়। উদ্বোধনী অনুষ্ঠানেই ছিল অদ্ভুত সুন্দর এমন পরিবেশ। উদ্বোধন করেন সংগীতজ্ঞ সন্জীদা খাতুন। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহাবুব জামিল। প্রদর্শনীতে জলরং ও অ্যাক্রিলিকের শিল্পকর্ম রয়েছে ৫৭টি। নিভৃতচারী গুণী এ শিল্পীর এটি দ্বিতীয় প্রদর্শনী। ১৯৯৩ সালে শিল্পকলা একাডেমীতে রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে করেছিলেন প্রথম প্রদর্শনী। কর্মজীবন, পরিবার আর নানান ব্যস্ততার কারণে এত দিন প্রদর্শনী করতে পারেননি বলে সরল স্বীকারোক্তি করলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে। প্রতিটি ছবিতেই ছায়া ঘনিয়েছে মেঘ। কিন্তু তাই বলে কোনো পুনরাবৃত্তি নেই। মেঘের সঙ্গে আছে নিসর্গের আভাস। বড় মায়াময়, স্নিগ্ধ তাঁর ক্যানভাস। প্রদর্শনী চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।জলের ধারাশিল্পী মনিরুল ইসলাম, বীরেন সোম, অলোকেশ ঘোষ, ফয়জুল কবিরের মতো স্বনামখ্যাত জ্যেষ্ঠ চিত্রশিল্পীরা এঁকেছেন ২৫ নবীনের সঙ্গে। জলরঙে আঁকা এসব ছবি নিয়ে গতকাল থেকে গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে যৌথ প্রদর্শনী ‘জলের ধারা’। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, মাতলুব আলী ও শিল্পী বীরেন সোম।সম্প্রতি শিল্পাণু একাডেমি অব ফাইন আর্টস জলরঙের চর্চায় উৎসাহিত করতে আয়োজন করেছিল ১৫ দিনের কর্মশালা। বীরেন সোম অলকেশ ঘোষ ছিলেন প্রশিক্ষক। সেই কর্মশালার ছবিগুলো নিয়েই এ প্রদর্শনী। অংশ নেওয়া শিল্পীদের ছবি নিয়েই মূলত এই প্রদর্শনী। প্রতিটি ছবিই আঁকা হয়েছে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। শিল্পীরা গিয়েছিলেন ধানমন্ডি লেক ও আমিনবাজার সেতুর কাছে ছবি আঁকতে। এসব এলাকার পরিবেশ ও জনজীবন উঠে এসেছে প্রদর্শনীর কাজগুলোতে। প্রদর্শনী চলবে ৩০ জুলাই পর্যন্ত। ‘ভাগের মানুষ’ দীর্ঘদিন পর আবারও মঞ্চস্থ হলো সময়ের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে হলো এর ১৪৮তম প্রদর্শনী। সা’দত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সাতচল্লিশের দেশ বিভাগকে ভিত্তি করে নাটকটির কাহিনি গড়ে উঠেছে। ১৯৪৭ সাল। ভারত-পাকিস্তান দুই দেশ, দুই রাষ্ট্র। দুই দেশের মধ্যে শুরু হয় বিনিময়-বিনিময় খেলা। স্বাভাবিক মানুষগুলোর ভাগাভাগি হয়ে যায় সহজেই। কিন্তু লাহোর পাগলাগারদের পাগলদের কী হবে? তাদের ভাগ করবে কে? তারা যেন সুস্থ মানুষের চেয়েও সুস্থ। নিজের অধিকার আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। পাগলদের মধ্য থেকে প্রতিবাদের কণ্ঠ বিস্ফোরিত হয়। এগিয়ে আসে টোবাটেক সিং নামের আরেক পাগল। কিন্তু বাস্তবতা অন্য রকম। দুই দেশের সেনারা কৌশলে কাজ সারতে চান। এভাবে এগিয়ে যায় নাটক। অভিনয় করেছেন আকতারুজ্জামান, ফখরুল ইসলাম, আরিফুজ্জামান, রিয়াজ মাহমুদ জুয়েল, রেজাউর রহমান, পাভেল ইসলাম প্রমুখ।দলীয় সূত্রে জানা গেছে, নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর। মহিলা সমিতি মঞ্চে। ২০০৪ সালের ডিসেম্বরে কলকাতার বহরমপুরে হয়েছিল শততম প্রদর্শনী। উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্র উৎসবগতকাল জাতীয় জাদুঘর মিলনায়তনে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ মহানায়ক উত্তমকুমারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজক। ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বক্তব্য দেন।উত্তমকুমারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের এ উৎসবে উত্তমকুমার অভিনীত সাতটি চলচ্চিত্র ঢাকার দর্শকেরা দেখতে পাবেন বিনা মূল্যে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক উত্তমকুমার ১৯৮০ সালে ২৪ জুলাই মৃত্যুবরণ করেন। উৎসবের প্রথম দিনে মহানায়ক-এর পর দেখানো হয় হারানো সুর ছবিটি। আজ শনিবার দ্বিতীয় দিনে বেলা ১১টায় দেখানো হবে ধন্যি মেয়ে, বিকেল সাড়ে তিনটায় প্রদর্শিত হবে ছদ্মবেশী এবং ছয়টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে সপ্তপদী। গীতাঞ্জলি সম্মাননা পদক পেলেন তিন গুণী ‘গীতাঞ্জলি সম্মাননা পদক ২০১০’ পেলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী এবং টেলিভিশনের সাবেক মহাপরিচালক এনামুল হক। গতকাল গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ