চিত্রকে শুরু হলো 'ডিসকরডেন্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রদর্শনীতে মাত্র ছয়টি চিত্রকর্ম! ব্যতিক্রমী এই প্রদর্শনী হচ্ছে রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে। ‘ডিসকরডেন্ট’ শিরোনামের একক চিত্র প্রদর্শনীর শিল্পী অপার জামান।
চিরায়ত ঘরানা থেকে বেরিয়ে এসে যাপিত জীবনের গল্পকে একেবারে আলাদাভাবে উপস্থাপন করতে ভালোবাসেন এই শিল্পী। ছুড়ে ফেলা জঞ্জালকেও নিবিড় মমতায় শিল্পকর্মে পরিণত করেন। শুক্রবার বিকেলে গ্যালারি চিত্রকে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী।
শিল্পী অপার জামান জানান, বাতিল বলে ছুড়ে ফেলা নানা বস্তু আর শিল্পবর্জ্যের নানা উপকরণ নিয়ে তিনি ছবি আঁকতে ভালোবাসেন। নিকষ কালো আঁধার আর বিষণ্নতাকে নানাভাবে ক্যানভাসে ফুটিয়ে তুলতে চান তিনি।

.
.

অপার জামান বলেন, ‘আমি সমাজের সাধারণ শ্রেণির গল্পটি নানা আঙ্গিকে বলতে চাই। আমার নিরীক্ষার বিষয়ও তারা।’
বাস্তবতার নিরিখে চলতি সময়ের গল্প, মানুষের টিকে থাকার লড়াই আর ইতিহাসের নানা কাহিনিকে উপজীব্য করে ছবি আঁকছেন অপার। জীবনের নানা গতিপ্রকৃতি আর রং-বেরঙের সংস্কৃতিকে তিনি মেলে ধরতে চান তাঁর নিজস্ব ঢঙে। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা আর মননে আমি ভিন্নতাকে দেখি অন্যভাবে। খুব সহজভাবে সেই গল্পটি উপস্থাপন করতে চাই সাধারণ দর্শকের জন্য।’

.
.

বাণিজ্যিক প্রদর্শনীর ঘোর বিরোধী অপার বলেন, ‘তথাকথিত বিনোদননির্ভর দর্শকের কাছে আমার এই প্রদর্শনীটি ভালো না–ও লাগতে পারে। অনেক রং-বর্ণ নিয়ে আমি ছবি আঁকি না। অনেকেই ইতিবাচকভাবে হয়তো নেবেন না। তবে শিল্পকর্মে ভিন্নতা খুঁজতে আসা দর্শকেরা খুঁজে পাবেন খুব চেনা পরিবেশের এক অচেনা গল্পকে। যে গল্পকে আমি উপস্থাপন করতে চেয়েছি আমার শিল্পসত্তার সবটুকু দিয়ে।’
মিশ্র মাধ্যমে আঁকা অপারের ছবিগুলো নিয়ে প্রদর্শনীটি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি চলবে এই প্রদর্শনী।

.
.