চিত্রকের প্রদর্শনীর মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বেড়েছে গ্যালারি চিত্রকে আয়োজিত দেশবরেণ্য শিল্পীদের যৌথ প্রদর্শনীর। দর্শকের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে প্রদর্শনীটি ২৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী প্রদর্শনীটি আজ ২০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। নতুন ঠিকানায় গ্যালারি চিত্রকের পরিবেশটা বেশ চমৎকার। পুরোনো দিনের একতলা বাড়ি। সামনে ছোট্ট একটি বাগান। কয়েকটি নারকেলগাছের উপস্থিতি পরিবেশটাকে আরও উপভোগ্য করেছে। এমনই পরিবেশে তৈরি চিত্রক গ্যালারির ছয়টি কক্ষ এখন সেজেছে শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ দেশের প্রথিতযশা প্রবীণ ও নবীন শিল্পীদের ক্যানভাসে। একসঙ্গে এত শিল্পীর কাজ দেখার সুযোগ কম আসে এ শহরের শিল্পরসিকদের। চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান জানান, প্রদর্শনীটি শিল্পানুরাগী দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এ কারণে ২৫ আগস্ট পর্যন্ত এর সময় বাড়ানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যালারি দর্শকদের জন্য খোলা থাকে।গ্যালারি চিত্রকের নতুন ঠিকানা এখন ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়িতে। নতুন আঙ্গিকে সাজানো এই গ্যালারির যাত্রা শুরু হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে বর্তমানের সম্ভাবনাময় তরুণ ৬৫ জন শিল্পীর কাজের যৌথ প্রদর্শনী দিয়ে। অন্য শিল্পীদের মধ্যে আছে এস এম সুলতান, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদ, রশিদ চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, কাজী আবদুল বাসেত, কাইয়ুম চৌধুরী, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মুর্তজা বশীর, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, নিতুন কুন্ডু, মাহাবুবুল আমিন, সৈয়দ জাহাঙ্গীর, আবদুল মুক্তাদির, আবু তাহের, মনিরুল ইসলাম, তাহেরা খানম, কালিদাস কর্মকার, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, শহিদ কবীর প্রমুখ ব্যক্তির বিভিন্ন মাধ্যমে করা কাজ। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলামের স্মৃতির প্রতি।