চিত্রনাট্য ফাঁসে টারান্টিনোর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েন্টিন টারান্টিনো
কুয়েন্টিন টারান্টিনো

অস্কারজয়ী চলচ্চিত্রনির্মাতা কুয়েন্টিন টারান্টিনোর নতুন ছবি দ্য হেটফুল এইট। মুক্তির আগেই ছবিটির চিত্রনাট্য ডাউনলোড করার একটি লিংক ফাঁস করে দিয়েছে মার্কিন অনলাইন মিডিয়া গকার ডটকম। এর পরিপ্রেক্ষিতে মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন পাল্প ফিকশনখ্যাত মার্কিন এ নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে গতকাল সোমবার মামলাটি দায়ের করেছেন টারান্টিনো। অবশ্য গকার ডটকমের সম্পাদক জন কুক এ দায়ভার নিতে নারাজ। তাঁর দাবি, ‘টারান্টিনোর লেখা ১৪৬ পৃষ্ঠার চিত্রনাট্যটি গকার ডটকম ফাঁস করেনি। কেবল একটি ওয়েবসাইটের লিংক প্রকাশ করা হয়েছে যেখান থেকে চিত্রনাট্যটি ডাউনলোড করা সম্ভব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জন কুক আরও জানিয়েছেন, গকার ডটকম যে ওয়েবসাইটের লিংক প্রকাশ করেছে সেটির নাম অ্যাননফাইলস ডটকম। ওয়বসাইটটিতে কে বা কারা দ্য হেটফুল এইট ছবির চিত্রনাট্য আপলোড করেছে তা গকার ডটকমের জানা নেই।

টারান্টিনো গকার ডটকমের পাশাপাশি অ্যাননফাইলস ডটকমের বিরুদ্ধেও মামলা করেছেন। তিনি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন এ দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে। টারান্টিনো তাঁর মামলার অভিযোগে উল্লেখ করেছেন, বিনা অনুমতিতে তাঁর লেখা চিত্রনাট্য ফাঁস করেছে অ্যাননফাইলস ডটকম। আর তা ইন্টারনেটে ছড়িয়ে দিতে রীতিমতো প্রচারণা চালিয়েছে গকার ডটকম।


এদিকে এভাবে চিত্রনাট্য ফাঁসের ঘটনায় বিচলিত হয়ে পড়েছেন টারান্টিনো। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘চিত্রনাট্যটির ফাঁস হওয়া একটি কপি ২১ জানুয়ারি প্রথম আমার চোখে পড়ে। এই ঘটনায় আমি খুবই হতাশ হয়ে পড়ি। এভাবে চিত্রনাট্য ফাঁস হয়ে যাওয়ার কারণে ছবি তৈরির পরিকল্পনা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে।’