চিত্রনাট্য বিষয়ক কর্মশালার সমাপনী

গতকাল রোববার সন্ধ্যায় শেষ হলো চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ এবং চলচ্চিত্রে জাতীয় ও আন্তর্জাতিক অনুদানের জন্য প্রকল্প প্রস্তুতি বিষয়ক কর্মশালা। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
কর্মশালা শুরু হয় গত ৯ জুন, শেষ হয়েছে গতকাল ১৮ জুন। সমাপনী সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী এবং চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। স্বাগত আলোচনা করেন কর্মশালার পরিচালক এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। সভাপতি ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের।
কর্মশালায় প্রশিক্ষণ দেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যকার মাসুম রেজা, নির্মাতা আকরাম খান, অমিতাভ রেজা, শবনম ফেরদৌসী, প্রসূন রহমান, ওয়াহিদ তারেক ও আবিদ মল্লিক।
আয়োজক সূত্র বলছে, কর্মশালায় অংশগ্রহণকারী ৩৮ জন শিক্ষার্থীকে চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। চলচ্চিত্রের জন্য বাংলাদেশ সরকারের অনুদান দেওয়ার বিধিসমূহ এবং চলচ্চিত্র নির্মাণ প্রকল্প তৈরির বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণের জন্য সম্ভাব্য আন্তর্জাতিক অনুদান প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ধারণা দেওয়া হয়। এ সকল প্রতিষ্ঠান ও সংস্থার জন্য উপযোগী চলচ্চিত্র প্রকল্প তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।