চিত্রনায়ক রিয়াজ এবার লেখক!
সাদামাটা একজন মানুষ। অনেক নাম-ডাক না থাকলেও লেখক হিসেবে বেশ পরিচিতি আছে। লেখক মানেই ছন্নছাড়া, এ কথাটি শফিকুর রহমানের ক্ষেত্রে পুরোপুরি ঠিক নয়। বিয়ে করার কিছুদিন পরই বউ মারা যান। পাত্রী দেখতেই যাচ্ছিলেন সিলেট। মাঝপথে দিবা নামক বিভ্রাট। এটা তাঁর জীবনে নতুন কিছু নয়। দিবা ও লেখক শফিকুর রহমানের গল্প যখন এগিয়ে যাচ্ছিল তখন অতীত দ্রষ্টা আবদুল কাদির গল্পে নতুন নাটকীয়তা তৈরি করে। এমনই একটি গল্পের টেলিছবিতে শফিকুর রহমানের চরিত্রে লেখক হিসেবে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। সৈয়দ মনজুরুল ইসলামের গল্প নিয়ে নির্মিত এ টেলিছবিটির নাম ‘অপরাহ্নের গল্প’। ঈদুল আজহায় স্যাটেলাইট চ্যানেল এনটিভির জন্য নির্মিত এ টেলিছবিটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। ২৩ অক্টোবর থেকে সিলেট ও ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে এই টেলিছবিটির চিত্রায়ন করা হবে। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘গল্পটা শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আমার কাছে মনে হয়েছে, গল্পটা গতানুগতিক ধারার বাইরে। গল্পটিতে বিনোদনের মাধ্যমে একটি শিক্ষামূলক ব্যাপারও থাকছে।’চলচ্চিত্রের ব্যস্ততা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আপাতত ব্যবসা নিয়েই আছি। এরই মধ্যে তিনটি ছবি তৈরি হয়ে আছে। এগুলো মুক্তির পর হয়তো নতুন করে ছবি নিয়ে ভাবব। এবারের ঈদে অপরাহ্নের গল্প ছাড়াও আরও একটি টেলিছবিতে রিয়াজের অভিনয়ের সম্ভাবনা রয়েছে।’