চিত্রনায়িকা মৌসুমী এখন যা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

গত বছরের মাঝামাঝি শোনা গিয়েছিল, চিত্রনায়িকা মৌসুমী তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ থেকে নতুন করে আবার ছবি তৈরি করবেন। এদিকে কিছুদিন ধরে শোনা যাচ্ছে, তাঁর পরিচালিত নতুন ছবিটিও মুক্তি পাবে খুব শিগগির। অগ্রগতি কতটা হয়েছে কিংবা এই মুহূর্তে মৌসুমী কী করছেন, তা জানতেই গতকাল শনিবার দুপুরে কথা হয় বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে।
মৌসুমী বললেন, ‘কাজ-কর্ম খুব একটা হাতে নিচ্ছি না। পড়াশোনার জন্য সামনের মাসে আমার ছেলে ফারদীনকে যুক্তরাষ্ট্রে যেতে হবে। এখন তাঁকে নিয়েই ব্যস্ত সময় কাটছে। তাকেই সময় দিচ্ছি।’
এক মেয়ে ও এক ছেলের জননী চিত্রনায়িকা মৌসুমী। ছেলে ফারদীন এরই মধ্যে ঢাকার একটি ইংরেজী মাধ্যম স্কুল থেকে ও’লেভেল কোর্স শেষ করেছে। দেশের বাইরে থেকে এ’লেভেল করানোর ইচ্ছে ছিল মৌসুমীর। মা মৌসুমীর ইচ্ছে অনুযায়ী ছেলে ফারদীনও চেষ্টা করে গেছেন। অবশেষে সেই চেষ্টায় সফলও হয়েছেন।
মৌসুমী বললেন, ‘আসলে আমাদের সবারই ইচ্ছে ছিল, ফারদীন যুক্তরাষ্ট্র থেকে এ’লেভেল করুক। আমি চাই এ’লেভেল শেষ করার পর যুক্তরাষ্ট্র থেকেই সে গ্র্যাজুয়েশনও শেষ করবে। এরপর যদি সেখান থেকে মার্স্টাস করতে চায় তাহলে খুব ভালো। এরপর তার দেশে ফিরে আসার ইচ্ছে। আমরাও (মৌসুমী ও ওমর সানি) চাই, ফারদীন দেশে ফিরেই কিছু করুক। সবার কাছে, আমার ছেলের জন্য দোয়া চাই।’

এদিকে যুক্তরাষ্ট্রে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ঢালিউড অ্যাওয়ার্ডেও অংশ নেওয়ার কথা রয়েছে মৌসুমীর। ছেলেকে যুক্তরাষ্ট্রে মাসখানেক সঙ্গ দেওয়ার পর পরই দেশে ফিরে আসবেন তিনি। এসেই নতুন ছবি নির্মাণের কাজে হাত দেবেন বলে প্রথম আলোকে জানালেন।
মৌসুমীর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত এই ছবিতে ফেরদৌসের অভিনয়ের ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। বাকি অভিনয়শিল্পীদের কে বা কারা থাকছেন তা দেশে আসার পরই চূড়ান্ত করবেন বলে জানান মৌসুমী।
এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে মৌসুমী চিত্রনায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিয়মান ‘পোস্টমাস্টার ৭১’ ছবির কাজ শেষ করে দিয়ে যাবেন বলে জানান।