আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সময়টা ১৯৮৬ সাল। প্রথম মঞ্চে অভিনয় করি আভ্যন্তরীণ খেলাধুলা নাটকে। চট্টগ্রামের অঙ্গন থিয়েটার ইউনিটের হয়ে নাটকটিতে অভিনয় করি। এ নাটকে আমি দুটি চরিত্র করেছি। একটা চরিত্রের নাম ছিল শুকতি। অন্যটি মৃত্তিকা। নাটকটির লেখা ও নির্দেশনার কাজটি করেছিলেন মিলন চৌধুরী। এরপর করলাম বাজল রাজার বারোটা। চট্টগ্রাম থেকে ১৯৮৮ সালে ঢাকায় চলে আসি। ১৯৯০ সালে এসে থিয়েটার আরামবাগে যোগ দিই। সে বছরই কামালউদ্দীন নিলুর নির্দেশনায় কিংলিয়ার নাটকে অভিনয় করি। পরে এখান থেকে করলাম শেষ রক্ষা, সাত ঘাটের কানাকড়ি, রূপভান প্রভৃতি নাটকে। ১৯৯৭ সালে এসে নাট্যজনের সঙ্গে কাজ শুরু করি। সেই সময় দলটি থেকে প্রথম অভিনয় করলাম একজন পিরামিড নাটকে। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নাটকটির নির্দেশনা দিয়েছিলেন মিলন চৌধুরী। এরপর এখান থেকে একে একে অভিনয় করেছি তেভাগার পালা, ভুবনের ঘাটে, অলীক বাবু নাটকে।