চিত্রলেখা গুহ ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রলেখা গুহ। প্রথম নিয়মিত অভিনয় ১৯৮৬ সালে চট্টগ্রাম অঙ্গন থিয়েটার ইউনিটে। প্রথম অভিনয় অভ্যন্তরীণ খেলাধুলা নাটকে। এরপর ১৯৯০ সালে এসে থিয়েটার আরামবাগে যোগদান। সেখানে প্রথম নাটক সাতঘাটের কানাকড়ি। টানা সাত বছর কাজ করার পর ১৯৯৭ সালে নাটকের দল নাট্যজনের সঙ্গে যুক্ত হন। এখানে প্রথম অভিনয় করেন একজন পিরামিড নাটকে। এরপর এ দলে ঘৃতং পিবেৎ, তেভাগার পালা, ভুবনের ঘাটেসহ একাধিক নাটকে অভিনয় করেন। এখনো নাট্যজনের হয়ে কাজ করে চলেছেন তিনি। দীর্ঘ থিয়েটারজীবনের নানা কাজ নিয়ে এবারের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন। মঞ্চে প্রিয় চরিত্রপ্রায় ২৫ বছরের থিয়েটারজীবনে একাধিক নাটকের একাধিক চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে। থিয়েটার আরামবাগে থাকাকালীন শেষ রক্ষা নাটকে অভিনয় করেছি। এ নাটকটির কমলামুখী চরিত্রটি আমার কাছে খুবই প্রিয়। একই দলের কিং লিয়র নাটকটির রেগান চরিত্রটিও আমার প্রিয়। এ ছাড়া নাট্যজনে ভুবনের ঘাটে নাটকটিতে কাজ করেছি। নাটকটির কল্পনা চরিত্রটি আমার অভিনীত প্রিয় একটি চরিত্র।নিজ দলে মনে রাখার মতো নাটক আমার প্রিয় নাটকের মধ্যে আছে থিয়েটার আরামবাগের রূপভান, নাট্যজনের তেভাগার পালা। রূপভান নাটকটির জন্য আমি দেশ-বিদেশে প্রশংসা পেয়েছি। বিশেষ করে কলকাতায় নাটকটির জনপ্রিয়তা অনেক বেশি। এখনো কোনো কাজে কলকাতায় গেলে যাঁরা রূপভান নাটকটি দেখেছেন, তাঁরা আমাকে নাটকটির গান গাইতে অনুরোধ করেন। আরেকটি নাটক আমার কাছে চিরস্মরণীয়—তেভাগার পালা। ২০০১ সালে এ নাটকটিতে ইলা মিত্রের সামনে অভিনয় করার সুযোগ হয়েছিল।দলের বাইরে...একসময় ঢাকার মঞ্চের অনেক দলেরই নাটক দেখা হতো। ব্যস্ততা বেড়ে যাওয়ায় সে সুযোগ এখন কম। তবে আগে যেসব নাটক দেখার সুযোগ হয়েছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার নাটক হলো থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায়, নাগরিক নাট্যসম্প্রদায়ের গ্যালিলিও, নূরলদীনের সারাজীবন, আরণ্যক নাট্যদলের জয়জয়ন্তী, সঙক্রান্তি, রাঢ়াঙ, প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য। প্রিয় সহশিল্পীআমি সবার সঙ্গে মানিয়ে নিয়ে অভিনয় করার চেষ্টা করি। মঞ্চে তো দীর্ঘদিন মহড়া হয়। তাই অভিনয় করার সময় একজনের সঙ্গে আরেকজনের অভিনয়টা একটা সময় মানিয়ে যায়। ফলে আমার ক্ষেত্রে মঞ্চে আলাদা করে প্রিয় সহশিল্পীর নাম বলা কঠিন। আবার নির্দেশনা কবে...নাট্যজনের হয়ে শেষ দিকে এসে আহসানুল হক মিনু ও আমি মিলে তেভাগার পালা নাটকটির নির্দেশনার কাজটি করেছি। এরপর আর নির্দেশনা দেওয়া হয়নি। এর মধ্যে মিডিয়ার কাজে ব্যস্ততা বেড়েছে। বলা যায়, জীবিকা এবং দায়বদ্ধতা—এ দুটোর কারণেই মিডিয়ায় বেশি সময় দেওয়া হচ্ছে। এ কারণে মঞ্চের অভিনয়ও কমে গেছে। তবে মিডিয়ায় ভাটা পড়ার আগেই মঞ্চে আবার বেশি সময় দেব। আশা করছি, একটা সময় এসে মঞ্চে অভিনয় ও নির্দেশনা দুটো কাজই নিয়মিত করব।