চিত্রশালায় অনন্য সৃজনসম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালায় বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখছেন সমরজিত্ রায়চৌধুরী (বাঁয়ে) ও কাইয়ুম চৌধুরী । ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালায় বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখছেন সমরজিত্ রায়চৌধুরী (বাঁয়ে) ও কাইয়ুম চৌধুরী । ছবি: প্রথম আলো

শিল্পরসিকদের জন্য আয়োজনটি অত্যন্ত আনন্দের। জাতীয় চিত্রশালার সবগুলো প্রদর্শনীকক্ষের দেয়ালে এখন ঝুলছে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে দেশের স্বনামখ্যাত শিল্পীদের চিত্রকলা। মেঝেতে সাজানো বিভিন্ন মাধ্যমের নানা রকমের ভাস্কর্য। ফলে এক লহমায় দেশের শিল্পকলার গতি-প্রকৃতি আর নির্মাণকৌশলে ঘটে যাওয়া বৈপ্লবিক পরিবর্তন দেখে নেওয়ার সুযোগ মিলছে এখানে।
শিল্পকলা একাডেমী তাদের সংগ্রহে থাকা শিল্পকর্ম নিয়ে গতকাল রোববার থেকে জাতীয় চিত্রশালায় দেশের প্রবীণ-নবীন প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্মের পক্ষকালব্যাপী এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠার পর এই প্রথম তাদের নিজস্ব সংগ্রহের শিল্পকর্মের এত বড় আকারের প্রদর্শনীর আয়োজন করল। এতে শিল্পকর্ম রয়েছে ৮১২টি।
গতকাল বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, প্রদর্শনীর কিউরেটর সমরজিৎ রায়চৌধুরী ও শিল্পী হাশেম খান।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর খুলে দেওয়া হয় সবগুলো প্রদর্শনীকক্ষের প্রবেশপথ। এরপর শুধুই মুগ্ধ হওয়ার পালা। নিজের মেধা ও সৃজনশীলতায় দেশের শিল্পচর্চাকে সমৃদ্ধ করেছেন এমন কে ছিলেন না প্রদর্শনীতে।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের চারটি কালজয়ী শিল্পকর্মসহ প্রদর্শনীটি যে শিল্পীদের কাজে সমৃদ্ধ হয়েছে, তাঁদের মধ্যে আছেন কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, রশীদ চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, শফিকুল আমিন, দেবদাস চক্রবর্তী, আবদুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুর্তজা বশীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, সাহাবুদ্দিন, মনিরুল ইসলামসহ ১৫৯ জন শিল্পী।
প্রদর্শনীটি শিল্পরসিকদের জন্য শুধু উপভোগ্যই নয়, এক স্মরণীয় অভিজ্ঞতাও হয়ে উঠবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। চলবে ২৩ মার্চ পর্যন্ত।