চিত্রশিল্পী শুভ, নাচনেওয়ালি নওশীন!
সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া নওশীনের নাচ-গান খুবই পছন্দের। তাঁর গানের গলাটা চিত্রশিল্পী আরেফিন শুভর খুব ভালো লেগে যায়। কাকতালীয়ভাবে একদিন এই নাচনেওয়ালির বাড়িতে এসে হাজির হন শুভ। বাড়িতে এসে নওশীনের নাচ দেখে প্রেমে পড়ে যান তিনি। একপর্যায়ে নওশীনের নাচ দেখা ছাড়া চিত্রশিল্পী কোনো ছবি আঁকতে পারেন না। এদিকে শুভ বিবাহিত জেনেও নওশীন তাঁকে পছন্দ করতে শুরু করেন। কিন্তু শেষ দিকে কারও সঙ্গেই চিত্রশিল্পীর সংসার করা হয়ে ওঠে না। সন্ন্যাসী জীবনযাপন করতে শুরু করেন চিত্রশিল্পী। ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী নওশীন ও আরেফিন শুভকে নাচনেওয়ালি এবং চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিল্পী নামের একটি নাটকে।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে শিল্পী নাটকটির নাট্যরূপ দিয়েছেন গীতালি হাসান এবং পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। নাটকটি প্রসঙ্গে নওশীন বলেন, ‘আমি এই প্রথম কোনো সাহিত্যনির্ভর নাটকে কাজ করলাম। নাটকটির প্রেক্ষাপট ও গল্পের চাহিদার কারণেই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমি আসলে চেষ্টা করেছি চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার। কতটুকু পেরেছি সেটা নাটকটি প্রচারের পরই টের পাব।’শুভ বলেন, ‘এ ধরনের গল্পের প্রতি আমার আলাদা একটা ভালোলাগা আছে। অবশেষে সেটা করা হলো। জানি না, কতটুকু করতে পেরেছি। আশা করছি নাটকটি আনেকেরই ভালো লাগবে।’