চিত্রাঙ্গদার বিচ্ছেদ চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রাঙ্গদার সঙ্গে জ্যোতি
চিত্রাঙ্গদার সঙ্গে জ্যোতি

বলিউডে যেন বিচ্ছেদের হাওয়া বইছে। গত ডিসেম্বরে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন ‘কৃশ’ তারকা হূতিক রোশন ও সুজান রোশন। এবার গলফ খেলোয়াড় জ্যোতি রাঁধাওয়ার সঙ্গে ১৩ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’খ্যাত বলিউডের অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। সম্প্রতি কাগজে-কলমে চিত্রাঙ্গদা-জ্যোতির বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, জ্যোতির সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন চিত্রাঙ্গদা। কিন্তু ব্যক্তিগত বিষয়টি নিয়ে মুখ খোলেননি ৩৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। অবশেষে তাঁর বিচ্ছেদের গুঞ্জন সত্যে পরিণত হলো। সম্প্রতি গুরগাঁও পারিবারিক আদালতে চিত্রাঙ্গদা ও জ্যোতির বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একমাত্র ছেলে জরোয়ারের দেখভালের দায়িত্ব পেয়েছেন চিত্রাঙ্গদা। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
জ্যোতির সঙ্গে ২০০১ সালে গাঁটছড়া বেঁধেছিলেন চিত্রাঙ্গদা। তিনি স্বামী-সন্তান নিয়ে সুখেই ঘর করছিলেন। কিন্তু ধীরে ধীরে তাঁর পেশাগত কাজের নেতিবাচক প্রভাব পড়ে তাঁদের সাজানো সংসারে। জ্যোতি চেয়েছিলেন চিত্রাঙ্গদা অভিনয় ছেড়ে দিয়ে ঘর-সংসারে মনোযোগী হোক। কিন্তু অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন চিত্রাঙ্গদা। এভাবে তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েন বাড়তে থাকে। শেষ পর্যন্ত তাঁরা দুজন মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। গত বছরের মে মাসে গুরগাঁও পারিবারিক আদালতে তাঁরা বিচ্ছেদের আবেদন করেন।

জ্যোতি ও একমাত্র ছেলের সঙ্গে চিত্রাঙ্গদা (বামে)
জ্যোতি ও একমাত্র ছেলের সঙ্গে চিত্রাঙ্গদা (বামে)


চিত্রাঙ্গদা ও জ্যোতির বিচ্ছেদের খবর প্রথম চাউর হয় গত বছরের নভেম্বরে। তাঁরা বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন বলে দাবি করা হয় বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। গুরগাঁও আদালতে তাঁদের একসঙ্গে দেখা গেলে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে জোর হাওয়া লাগে। কিন্তু বিষয়টিকে বেমালুম অস্বীকার করে বসেন চিত্রাঙ্গদা।
বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে চিত্রাঙ্গদার ভাষ্য ছিল, ‘এটা সত্য নয়। সম্পত্তি নিয়ে কিছু বিরোধ মেটানোর জন্য আমরা আদালতে গিয়েছিলাম। মূলত এ কারণেই আমাদের বিচ্ছেদের খবর রটানো হয়েছে।’ তিনি অস্বীকার করলেও অবশেষে থলের বিড়াল ঠিকই বেরিয়ে এসেছে। সত্যি-সত্যিই ভেঙে গেছে চিত্রাঙ্গদা-জ্যোতির দীর্ঘ ১৩ বছরের সংসার।
২০০৩ সালে মুক্তি পায় চিত্রাঙ্গদা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’। ছবিটিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন শাইনি আহুজা। প্রথম ছবিতেই অনবদ্য অভিনয় উপহার দিয়ে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছিলেন চিত্রাঙ্গদা। ছবিটির জন্য অপ্সরা অ্যাওয়ার্ড আসর থেকে সেরা অভিনেত্রী এবং জি সিনে অ্যাওয়ার্ড আসর থেকে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মনোনীত হন চিত্রাঙ্গদা।
পরবর্তী সময়ে ‘দেশি বয়েজ’, ‘ইনকার’-এর মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন আবেদনময়ী এ অভিনেত্রী। গত বছরের মার্চে মুক্তি পায় চিত্রাঙ্গদা অভিনীত সর্বশেষ ছবি ‘আই, মি অউর ম্যায়’। ছবিটিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, প্রাচী দেশাই প্রমুখ।