চিত্রার পাড়ে বৃহস্পতিবার সুলতান উৎসব

নড়াইলের চিত্রা নদীর পাড়ে কাল বসবে শিল্প ও শিল্পীর মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এস এম সুলতান উৎসব ২০১৫ আয়োজন করা হয়েছে। নড়াইলের এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ ও জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ কর্মসূচির নানা আয়োজন।
শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের প্রতিনিধি এস এম সালাউদ্দিন প্রথম আলোকে আজ বুধবার জানান, দিনব্যাপী আয়োজন শুরু হচ্ছে সকাল সাড়ে আটটায়। এ সময় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে শিশুশিল্পীদের আর্ট ক্যাম্প বসবে। সকাল সাড়ে নয়টায় এস এম সুলতানের চিত্রকর্ম ও চিত্রকর্মের রেপ্লিকা প্রদর্শনী, সকাল ১০টায় চিত্রা নদীতে শিশুদের নিয়ে নৌকাভ্রমণ, বেলা তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী আদম সুরত। বিকেল সাড়ে চারটায় শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকেলে পাঁচটা থেকে জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের পর আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্প সমরজিৎ রায়চৌধুরী। আলোচনা শেষে সন্ধ্যা গুণীজন সম্মাননা। রাত আটটা থেকে নয়টা পর্যন্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত নয়টায় শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং রাত ১০টায় চিত্রা নদীর পাড়ে বাঁধা ঘাটে শিল্পী আড্ডা চলবে।