চিত্রে, চরিত্রে সুভাষ দত্ত
গ্যালারির দেয়ালজুড়ে নানা রকমের আলোকচিত্র। প্রদর্শনী উপলক্ষে সেই আলোকচিত্রগুলোতে অতিরিক্ত আলো ফেলা হয়েছে। যাঁরা এসেছেন, তাঁরা আগ্রহ নিয়ে আলোকচিত্রগুলো দেখছেন। কেউ কেউ নীরবে দীর্ঘশ্বাস ফেলছেন। একটা সময় আগতদের উপস্থিতিতে ভরে গেল পুরো গ্যালারি। শুধু নেই সুভাষ দত্ত; যাঁকে নিয়ে আয়োজন।প্রদর্শনীটিতে মুখ্য চরিত্র হিসেবে তাঁরই থাকার কথা ছিল। কিন্তু তিনি আছেন ছবি হয়ে, তাতে দেওয়া ফুলের মালা বলে দেয়, তিনি আসলে নেই। গতকাল ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘সুতরাং’ শীর্ষক সুভাষ দত্তের জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বলছে, উদ্বোধনীর আনুষ্ঠানিকতায় তিনি থাকবেন। কেননা, প্রদর্শনীর বিষয়ও তিনি, সুভাষ দত্ত। কিন্তু প্রকৃতির নিয়মে তাঁকে চলে যেতে হলো। তাঁকে নিয়ে আনন্দ করার ক্ষণটি শোকের আবরণে ঢাকা পড়ে গেল। ব্যথাতুর হূদয়ে অনুরাগীরা ফ্রেমে বাঁধানো ছবিতে খুঁজে বেড়িয়েছেন তাঁকে। তাঁরা পেয়েছেন সাংবাদিকতার শিক্ষক তরুণ আলোকচিত্রী সালমা আহমেদের ফ্রেমে নানা দিনের নানা রকমের সুভাষ দত্তকে।গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সুভাষ দত্তের পরিবারের সদস্যরা।সুভাষ দত্তের জীবন নিয়ে গবেষণার অংশ হিসেবে সালমা আহমেদ দীর্ঘদিন ধরে ছবি তুলেছেন সুভাষ দত্তের। সে কারণে তাঁর আলোকচিত্রে খুব নিবিড়ভাবে উঠে এসেছেন সুভাষ দত্ত। প্রদর্শনীতে ঘরোয়া ছবি যেমন রয়েছে, তেমনি বাইরে কাজের সূত্রে ঘুরে বেড়ানো বন্ধু, আত্মীয়স্বজনের সঙ্গেও রয়েছে আন্তরিক মুহূর্তের ছবি। রয়েছে পরিবারের সংগ্রহ থেকে কর্মময় জীবনের নানা স্মৃতিময় মুহূর্তের স্থিরচিত্র। সুভাষ দত্তের চলচ্চিত্রের দুর্লভ চিত্রনাট্য, ছবির অ্যালবাম, চলচ্চিত্রের সিডি প্রদর্শন করা হচ্ছে এই প্রদর্শনীতে। সালমা আহমেদ জানান, প্রদর্শনীর ছবিগুলো বিক্রি করা হবে। এ থেকে সংগৃহীত অর্থ দিয়ে সুভাষ দত্ত স্মৃতি সংগ্রহশালা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা।