চিরকুটের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিউশনধর্মী গান করেই আলাদা একটা শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে ব্যান্ডদল চিরকুট। গত অক্টোবরে ‘আধখানা মিউজিক’ থেকে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম চিরকুটনামা। বর্তমানে তারা মঞ্চের অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত। চিরকুট ব্যান্ডদলের সদস্যদের সঙ্গে আড্ডা হচ্ছিল ঢাকার মগবাজারে তাদের স্টুডিওতে। সেখান থেকেই জানা গেল ২০০২ সালের দিকে যাত্রা শুরু এ গানের দলটির। সে সময় এর সব সদস্যই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভোকাল সুমী বললেন, ‘সূচনার সময় আমার সঙ্গী ছিল শোয়েব ও পারভেজ। আমরা তিনজনই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রথম দিকে আমাদের ব্যান্ডের কোনো নাম ছিল না। বিভিন্ন ক্যাম্পাসের অনুষ্ঠানে গান গাইতাম। অনেকেই ব্যান্ডের নাম জানতে চাইত। একদিন, হঠাৎ করেই মাথায় এল “চিরকুট” নামটি, পছন্দ হলো অন্যদেরও। সেই থেকেই চিরকুটের পথচলা।’সময় গড়িয়েছে চিরকুটের লাইনআপেও এসেছে পরিবর্তন। যোগ দিয়েছেন ইমন ও পিন্টু। পিন্টু বলেন, ‘আমরা বিশ্বাস করতাম চিরকুট একদিন আলোর মুখ দেখবে। তাই হাজার কষ্টেও দলে কোনো আঁচড় পড়তে দিইনি। অনেক বাধা পাড়ি দিয়েছি কিন্তু লক্ষ্য হারাইনি। চিরকুট আমাদের ভালোবাসার জায়গা।’শুধু গানেই সীমাবদ্ধ নয় চিরকুট। জনসচেতনতামূলক কাজও করছে দলটি। সুমী বলেন, ‘আগে প্রায়ই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেয়ের মধ্যে দেখতাম নানা হতাশা। সে সময় সারা দেশে মেয়েদের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার খবরে ছিলাম উদ্বিগ্ন। তাই বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উৎসাহ জোগাতে ২০০৮ সালে “ফিল দ্য পাওয়ার ইনসাইড” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে চিরকুট। পুরো অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম ব্যাংক থেকে ঋণ নিয়ে। পরে অবশ্য নিজেরাই ঋণের টাকাটা শোধ করে দিয়েছি।’ পিন্টু বলেন, ‘একধরনের সামাজিক দায়বোধ থেকেই এই কাজ করি আমরা। এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ এর মধ্যে আড্ডায় আসেন ব্যান্ডের আরেক সদস্য পাভেল। তিনি এতক্ষণ কণ্ঠশিল্পী মিনারের আড়ি অ্যালবামে কাজ করছিলেন। পাভেল বলেন, ‘ব্যান্ডে আমার বয়স খুব বেশি দিন না। বছর দুয়েক আগে আমি এখানে যোগ দিই। এখন পুরোপুরি মায়ার বাঁধনে জড়িয়ে গেছি। আমরা অ্যালবামের চেয়ে বেশির ভাগ সময় স্টেজ ও লাইভ শো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। গান নিয়ে নতুন ভাবনা যখন কারও মাথায় আসে, তখনই নতুন কিছু করতে মরিয়া হয়ে উঠি সবাই।’ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুমী বলেন, ‘সমাজ ও সমাজের মানুষই আমাদের গানের বিষয়বস্তু। প্রথম থেকেই নিজেরা মৌলিক গানের দিকে বেশি করে জোর দিয়েছি। সামনে আমরা শিশুদের জন্য একটা কিছু করার চিন্তা করছি। এরই মধ্যে কাজটি অনেক দূর এগিয়েও গেছে।’‘খাজনা’ দিয়েই শুরু হয় চিরকুটনামা অ্যালবামের রেকর্ডিং। তখনই বাধে বিপত্তি। গানের তাল-লয় ঠিক করতে সমস্যা হচ্ছিল। ভিন্নতার ছোঁয়া রাখতে নানাভাবে গানটির সংগীতায়োজন করা হয়। অ্যালবামে বাউল সুবহানের ‘ওরে আমার দুনিয়া’ গানটি সুমীর খুব পছন্দের। অ্যালবামের কাজ শুরুর পর গানটির কথা অন্য সদস্যদের জানালে তাঁরা সম্মতি প্রদান করেন। ব্যান্ডের ড্রামার পাভেল বলেন, ‘নির্দিষ্ট কোনো ঘরানায় গান করার ইচ্ছা কখনোই ছিল না আমাদের। নিজস্ব ভাবনাগুলোই আমরা গানের মাধ্যমে শ্রোতার সামনে তুলে ধরতে চাই। কতটা পারব জানি না। তবে আমাদের চিন্তাটা এমনই।’চিরকুটের লাইনআপভোকাল: সুমীপারকারশন, বাঁশি, ভায়োলিন ও ভোকাল: পিন্টুলিড গিটার: ইমনড্রামস: পাভেল বেইজিস্ট: কার্তিক (অতিথি)