চিরকুটের শহর

দুদিন পরই অ্যালবাম বের হবে। শেষ মুহূর্তের মাস্টারিংয়ের কাজ করছিলেন পাভেল। হঠাৎ করেই হার্ডডিস্ক ক্রাশ করল। সবার তো মাথায় হাত। এখন কী হবে। যে কনফিগারেশনের কম্পিউটারে কাজ করছিলেন তাঁরা, সেটি বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। বিদেশ থেকে আনতে গেলে অন্তত তিন মাস লাগবে। হঠাৎ একজনের কাছে পাওয়া গেল সঠিক কনফিগারেশনের কম্পিউটার। আবার শুরু হলো প্রথম থেকে কাজ। এক দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। দুশ্চিন্তা আর দুশ্চিন্তা...
২. বাকি মাত্র ৩০ মিনিট। এর মধ্যে সিডির মাস্টার জমা দিতে হবে। ঠিক তখনই হয়ে গেল যাদুর শহর অ্যালবামের ‘বৃষ্টির গান’ গানটি।
এ রকম অনেক ছোট ছোট গল্প, ঘটনা আছে যাদুর শহর অ্যালবামের পেছনে। তবে সব আনন্দ-বেদনার গল্প সার্থক হয়েছে ২ আগস্ট। যেদিন প্রকাশ হলো চিরকুট ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামটি। চিরকুট ব্যান্ডের ভোকাল সুমী বলেন, ‘সবচেয়ে ভালো লাগা হলো, আমাদের মা-বাবারা জাদুর শহর-এর মোড়ক উন্মোচন করেছেন। তাঁদের চোখেমুখে যে ভালো লাগা ছিল, সেটাই আমাদের অনুপ্রাণিত করেছে আবার। অবশ্য আমাদের প্রথম অ্যালবামটির মোড়ক তাঁরাই উন্মোচন করেছিলেন।’২০১০ সালে চিরকুটের প্রথম অ্যালবাম চিরকুটনামা প্রকাশিত হয়। এরপর ২০১৩-তে যাদুর শহর। পরের প্রশ্ন বুঝে নিয়ে এই ব্যান্ডের সদস্যরা জানালেন, নানা কারণে পিছিয়েছে অ্যালবামের কাজ। পয়লা বৈশাখে বের করার কথা ছিল। হয়নি।এর মধ্যে দোদুল্যমানতায় ভুগছিলেন অ্যালবামের নাম নিয়ে। চিরকুটনামা ২, নাকি অন্য কিছু। ভোকাল পিন্টু, লিড গিটারিস্ট ইমন, বেস গিটারিস্ট রোকন, ড্রামার পাভেল ও সুমী দিন-রাত ভাবছেন। ভক্তদের কাছ থেকে মতামত নেওয়ার জন্য তাঁরা ফেসবুকে চিরকুটের ফ্যান পেজে আহ্বান জানালেন। বেশির ভাগ ভক্ত বললেন, অ্যালবামের নাম যাদুর শহর রাখার কথা। কিন্তু ‘যাদুর শহর’ গানটি প্রথম করা হয়েছিল নুরুল আলম আতিকের জাদুর শহর ধারাবাহিক নাটকের জন্য। পরে তাঁরা ফোন করেন নুরুল আলম আতিককে। শোনামাত্রই তিনি ‘হ্যাঁ’ বলেন। ব্যস, অ্যালবামের নাম শেষ পর্যন্ত ঠিক হলো। যাদুর শহর’ গানটি নিয়ে আরেকটি গল্প বললেন চিরকুট ব্যান্ডের পিন্টু। প্রথমে জাদুর শহর নাটকটির জন্য শুরুর আট লাইন লিখেছেন আনন্দ। পরে যখন ভক্তদের জন্য পুরো গান করতে হবে, তখন আনন্দ আর সময় দিতে পারেননি। পরে লিখে দিলেও সেটা আর আগেরটার সঙ্গে মেলেনি। ফলে আগেরটার সঙ্গে মিল রেখে আবার লেখা হলো ‘যাদুর শহর’। এই অ্যালবামে ১২টি গান আছে। এর মধ্যে ‘একটা ছেঁড়া দিন’ এবং ‘অন্তরালে’ গান দুটি নাটকের জন্য করা। আর ‘ধনধান্য পুষ্পভরা’ তো সবার পরিচিত গানই। ইমন বলেন, ‘মূল সুর ও কথা বিকৃত না করে নতুন মিউজিক কম্পোজিশন করেছি আমরা। সে কারণেই হয়তো “ধনধান্য পুষ্পভরা” গানের আমাদের সংস্করণটি (ভার্সন) সবাই ভালোভাবে নিয়েছে। আর দর্শকেরা মঞ্চে এই গান খুব পছন্দ করে।
তবে চিরকুট ব্যান্ডের প্রতিটি গান একটির চেয়ে আরেকটি আলাদা। ব্যতিক্রম হয়নি যাদুর শহর-এও। সুমী বলেন, ‘“যাদুর শহর” অনেক আগে থেকে সবাই শুনেছে। পরিচিত গান। চাইলে আমরা সব গান একই রকম করতে পারতাম। কিন্তু গান নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসি। তাই কোনোটি ফোক, কোনোটি মেটাল, কোনোটি আবার রক করেছি। আসলে আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। গানের মধ্যেও সেটা উঠে এসেছে।’ তাঁর এই কথার সঙ্গে একমত হলেন বাকি সদস্যরা। তবে চিরকুট একটা বিশেষ ধন্যবাদ দিতে চায় মোজোকে। যারা এক রাতের মধ্যে তাঁদের পৃষ্ঠপোষক হয়েছিল।
ভক্ত ও শ্রোতাদের পছন্দ জেনে না হয় আপনারা গান করলেন। কিন্তু এই অ্যালবামের কোন গানটা কার বেশি প্রিয়?
প্রথমে রোকন জানান, তাঁর ভালো লাগে ‘অন্তরালে’। সুমী ও ইমনের পছন্দ ‘জোছনার গান’, পিন্টুর ‘একটা ছেঁড়া দিন’ ও পাভেলের ‘প্রথম প্রেমের গল্প’।
এ মাসের ২৫ তারিখে নরওয়ে সরকারের আমন্ত্রণে চিরকুট নরওয়ের ছয়টি শহরে গান করবে। তারা নরওয়ের ব্যান্ডদল কাসা মুরিলোর সঙ্গে যৌথভাবে মঞ্চে গাইবে। এটি নিয়ে এই মুহূর্তে সবাই খুব উত্তেজিত। দেশের বাইরে এটি তাদের তৃতীয় কনসার্ট। তাদের চাওয়া, আগের দুটো কনসার্টের মতো এবারের কনসার্টও তারা মাতিয়ে আসবে। চিরকুট মনে করে, মানুষের ভালোবাসা বেড়ে গেলে দায়িত্বও বাড়ে। সেই দায়িত্ব পালনে তারা নিষ্ঠার পরিচয় দিতে চায়। তবে দেশের বাইরে যাওয়ার আগে চিরকুট লাইভ স্কয়ারের আয়োজনে রক ন্যাশন-২ নামে একটি অনুষ্ঠানে গান গাইবে।