
চিরকুট ব্যান্ডের সুর ও সংগীতে এক অ্যালবামে গান গাইলেন নয়জন সংগীতশিল্পী। বাংলাদেশের ঐতিহ্য নিয়ে লেখা এসব গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, ন্যান্সি, শামীম, নন্দিতা, সিনা, রিয়াদ, জাঁকি, আঁচল ও কাশফি। একটি গান গেয়েছে চিরকুটও। ভলিউম আট শিরোনামের এই অ্যালবাম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রিটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’-এর নবম আয়োজন।
২৭ অক্টোবর সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। নয় বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার সেলিব্রিটিং লাইফ প্রতিযোগিতা। প্রতিবছর আয়োজকদের নির্ধারণ করা একটি নির্দিষ্ট বিষয়বস্তুর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ প্রতিভাবান গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রীকে তুলে আনা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে।
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক গানই করেছি। কিন্তু এত সুনির্দিষ্ট ও চমৎকার একটি বিষয় নিয়ে এভাবে কাজ করা হয়নি। এটা আমাদের কাছে শুধু একটা গানের অ্যালবাম হয়ে থাকেনি, পুরো ব্যাপারটিতে ছিল দায়বদ্ধতাও। এমন একটি কাজ করতে পারাটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের।’