চিরকুমার সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগহার্ট লাভারবয়’খ্যাত বলিউডের অভিনেতা সালমান খানের বিয়ের প্রতীক্ষায় দিন গুনছেন তাঁর অগণিত ভক্ত। কিন্তু তাঁর ভক্তদের এই স্বপ্ন সম্ভবত কখনোই বাস্তবে রূপ পাবে না। কারণ বিয়ে করার কোনো রকম পরিকল্পনা নেই বলেই সাফ জানিয়ে দিলেন ৪৬ বছর বয়সী এ অভিনেতা। সম্প্রতি একটি টক শোতে ভারতের প্রখ্যাত সাংবাদিক, লেখিকা ও চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে আলাপচারিতাকালে এমনটিই বলেছেন সালমান। বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘না, বিয়ে করার কথা ভাবছি না আমি। অনেকদিন আগে বিয়েটা প্রায় করেই ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। সেই থেকে আমার বিয়েটা আটকে আছে। মনে হয়, কারও অভিশাপ লেগেছে। এখন আমার চাওয়া, এই অভিশাপটা যেন কখনোই আর না কাটে। একাকী জীবন নিয়ে আমি অনেক খুশি। নিজের জগত নিয়ে বেশ আছি আমি।’ সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। সালমান আরও বলেন, ‘কাজ ছাড়া একদমই ঘরের বাইরে বের হই না। বহুদিন হয়ে গেছে মন্দির কিংবা মসজিদের ছায়া মাড়াইনি। এমনকি নৈশ ক্লাবেও আর যাওয়া হচ্ছে না। সত্যি বলতে কী, কোথাও যেতে ভালো লাগে না আমার। বেশির ভাগ সময় ঘরের চার দেয়ালে বন্দী থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি।’