৪ ডিসেম্বর দুপুরে টেলিভিশনের স্ক্রলে সংবাদটি পড়ে চমকে উঠলাম। লন্ডনের একটি হাসপাতালে ভারতের কিংবদন্তিতুল্য চিরসবুজ চিত্রনায়ক দেব আনন্দের মহাপ্রয়াণ ঘটেছে। সংবাদটি মুহূর্তে আমাকে শোকগ্রস্ত করল এবং মনে পড়ল ৩৭ বছর আগে দেব আনন্দের সঙ্গে কয়েকটি দিনের স্মৃতি। একদা যে দেব আনন্দ ছিলেন আমার কাছে ছায়াছবির কল্পলোকের মানুষ, তিনিই সেই দিনগুলোয় বার তিনেকের সাক্ষাতে বাস্তবের ‘আপনজন’ হয়ে ধরা দিয়েছিলেন।১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে গিয়েছিলাম রাজা জিগমে সিংগে ওয়াংচুকের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। আমি তখন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর জনসংযোগ কর্মকর্তা। ১৮ বছরের তৎকালীন রাজা ওয়াংচুকের সিংহাসন আরোহণ প্রত্যক্ষ করা ছিল আমার জন্য এক দুর্লভ অভিজ্ঞতা। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, নেপালের যুবরাজ ধীরেন্দ্র বীরবিক্রম শাহ, সিকিমের চেগিয়াল ও তাঁদের সহধর্মিণীরা ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে দেব আনন্দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমি স্বভাবতই তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম পরিচয় ও আলাপচারিতার জন্য।ভুটানের তৎকালীন রাজার অভিষেক অনুষ্ঠানে দেব আনন্দকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা স্বয়ং। দেব আনন্দ ও তাঁর ভাই চেতন আনন্দ অভিষেকের ওপর একটি রঙিন তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন। অনুষ্ঠানের জাঁকজমক আজও যেন চোখে লেগে আছে। থিম্পুচু নদীর ওপারে অবস্থিত দেচেন ছোলিং রাজপ্রাসাদ নতুন ড্রাগন রাজা বা ‘দ্রুক গয়ালপো’কে নিয়ে ভাবগম্ভীর ও বর্ণাঢ্য শোভাযাত্রা চার কিলোমিটার পথ অতিক্রম করে তাশিচোড়জং প্রাসাদের অনুষ্ঠান প্রাঙ্গণে এল। সেখানেই দেব আনন্দকে আবিষ্কার করলাম আমি। কিন্তু অনুষ্ঠানের পবিত্রতা ও সৌকর্য ক্ষুণ্ন করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা সেদিন আমার পক্ষে সম্ভব হয়নি। এ সুযোগ পাওয়া গেল পরদিন চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানবাসীর সামনে নতুন রাজার ঐতিহাসিক ভাষণ ও রাজকীয় উৎসবের সময়। দেব আনন্দ নিজেই তখন ক্যামেরায় অনুষ্ঠানটি ধারণ করছিলেন। একপর্যায়ে তিনি ক্যামেরা তুলে দিলেন চেতন আনন্দের হাতে। আমি সামনে এগিয়ে পরিচয় ও আলাপের প্রাথমিক পর্বটি সেরে নিলাম। ভেবেছিলাম, দেব আনন্দ হয়তো দু-এক কথায় আমাকে বিদায় দেবেন; কিন্তু তা হলো না। বাংলাদেশের প্রতিনিধি জেনে তিনি বরং আগ্রহই প্রকাশ করলেন। তিনি যখন পরদিন সকালে তাঁর হোটেলে যেতে আমন্ত্রণ জানালেন, তখন আমি বিস্ময়ে অভিভূত।নির্দিষ্ট সময়ে হোটেলে উপস্থিত হলাম। ঘরে দেব আনন্দের ভাই চেতন আনন্দও উপস্থিত ছিলেন। সম্ভবত কিছুক্ষণ আগেই তাঁদের নাশতার পর্ব শেষ হয়েছে। টেবিলের ওপর প্লেট ও চায়ের কাপের অবস্থান দেখে তা-ই মনে হচ্ছিল। দেব আনন্দের সঙ্গে আলাপচারিতায় চেতন আনন্দও মাঝেমধ্যে যোগ দিলেন। প্রধানত তিনটি বিষয়ে দেবের আগ্রহ লক্ষ করলাম—শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ও বাংলাদেশের চলচ্চিত্র। বঙ্গবন্ধু সম্পর্কে ওই সময় তাঁর আগ্রহ খুব স্বাভাবিক ছিল। বাংলাদেশ সম্পর্কে তাঁর নিজস্ব একটা ধারণা ছিল, কথাবার্তায় তা-ই প্রকাশ পেল। যে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে দেশকে দেখার আগ্রহ প্রকাশ করলেন তিনি। আমি তাঁকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়ে বললাম, বাংলাদেশ আপনার কাছে অপরিচিত হলেও আপনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নন।তিনি পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনি যে বললেন আপনাদের দেশে ভারতীয় ছায়াছবি দেখানো হয় না, তাহলে মানুষ জানবে কী করে।’ আমি জানালাম, আপনি অনেক দিন ধরে অভিনয় করছেন, আমাদের দেশে আপনার আগের ছবিগুলো অনেকে দেখেছে। তা ছাড়া পত্রপত্রিকার মাধ্যমে আপনি বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। তবে আমাদের দেশে আপনার অভিনীত ছবি সোলবাঁ সাল প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। এ ছবি তখন বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। আমি দুবার দেখেছি ছবিটি। কথা শুনে দেবের উজ্জ্বল চোখে আলোর ঝিলিক খেলে গেল; অন্তত আমার তা-ই মনে হলো। চেতন আনন্দ বললেন, ‘তুমি নিশ্চয় বাংলাদেশের মানুষের কাছে বিশেষ পরিচিত।’ দেব জানালেন, সোলবাঁ সাল-এর পর তাঁর অনেক ভালো ছবি তৈরি হয়েছে।হোটেল থেকে ফেরার সময় আমি আমার নেমকার্ড দেব আনন্দের হাতে তুলে দিয়ে বললাম, আপনি যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশের মানুষ সাগ্রহে আপনাকে অভ্যর্থনা জানাবে। তিনি বললেন, ‘আমার বাংলাদেশে যাওয়ার খুবই ইচ্ছা। তবে কবে যেতে পারব, জানি না।’পরদিন দেব আনন্দের সঙ্গে আবার দেখা হলো আমার; আবাসস্থল মতিথানে। সেখানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল অভিষেক অনুষ্ঠানে যোগদানকারী অভ্যাগতদের জন্য। ভেবেছিলাম, এত ভিড়ের মধ্যে দেবের সঙ্গে কথা বলা সম্ভব হবে কি না! কিন্তু দেখা হওয়া মাত্র দেবই হাত বাড়িয়ে দিলেন। কথা হলো, চিঠিপত্রের মাধ্যমে উভয়ে যোগাযোগ রাখতে পারি। শত ব্যস্ততার মধ্যেও চিঠির উত্তর দিতে কার্পণ্য করেন না বলে জানালেন তিনি। কিন্তু আমারই আর চিঠি লেখা হয়নি দেব আনন্দকে। তিনিও বাংলাদেশে আসেননি। এখন মনে হচ্ছে, তাঁর সঙ্গে যোগাযোগ না রাখা জীবনের চরম ভুলগুলোর মধ্যে অন্যতম।দেব আনন্দের মৃত্যুসংবাদ পাওয়ার পর সেদিনের স্মৃতিভারে আক্রান্ত আমি। বারবার চোখে ভাসছে তাঁর সেদিনের হাস্যোজ্জ্বল চিরসবুজ মুখ। ‘চিরসবুজ’ কথাটি বোধ হয় দেব আনন্দের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। ৮৮ বছর বয়সেও বার্ধক্য তাঁকে কখনো আক্রান্ত করতে পারেনি। চিরতরুণ, চিরসবুজ এই মহানায়কের মহাপ্রয়াণে তাঁর অগণিত ভক্ত ও অনুরক্তের মাঝখানে আমার সশ্রদ্ধ স্মরণ তাঁর কাছে পৌঁছাবে কি?মাহবুব তালুকদার: কবি ও কথাশিল্পী