চিলির উৎসবে সেরা 'গাড়িওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গাড়িওয়ালা’ ছবির দৃশ্য
‘গাড়িওয়ালা’ ছবির দৃশ্য

‘গাড়িওয়ালা’ ছবির সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সম্প্রতি চিলির সপ্তম ‘ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডি সিনে ডি টারাপাকা’য় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ‘গাড়িওয়ালা’। আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি এর আগে চিলির বিবিওসিনে কনসেপশন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল।
নির্মাতা আশরাফ শিশির জানিয়েছেন, ‘গাড়িওয়ালা’ চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়। ইতালির দ্য গালফ অব নেপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ‘গাড়িওয়ালা’।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যকার, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হয় ‘গাড়িওয়ালা’। চিত্রনাট্যের জন্য আশরাফ শিশির, অভিনয়ের জন্য মুস্তাফিজুর নুর ইমরান এবং শিশুশিল্পী কাব্য ও শেখ মারুফকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়। ছবিটিতে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান রোকেয়া প্রাচী।
সংযুক্ত আরব আমিরাতে শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব, পাকিস্তানে রাফি পীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কম্বোডিয়ায় অ্যাঙ্কর ওয়াট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সপ্তম নাশিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে ‘গাড়িওয়ালা’।