চিৎকারের 'চিৎকার'

ব্যান্ডের শুরু ২০০৫ সালের দিকে। তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সামনে নিজেদের গান গাইতে শুরু করে ‘চিৎকার’। ব্যান্ড গঠন হওয়ার আগে থেকেই অবশ্য চিৎকারের দুজন সদস্য মিলে একসঙ্গে সবার মাঝে গান গাইতেন, বাজাতেন। এভাবেই একসময় তাঁরা সিদ্ধান্ত নেন একটা ব্যান্ড গঠন করবেন। নিজেদের অনুভূতি, স্বপ্ন, সংগ্রামকে আরও তীব্রভাবে প্রকাশ করবেন গানের মাধ্যমে। এভাবেই গোড়াপত্তন চিৎকারের।
প্রথমদিকে শুধু মন্দিরা আর অ্যাকুস্টিক গিটার দিয়ে ব্যান্ডের শুরু, পরে ধীরে ধীরে ব্যান্ডে আরও কয়েকজন সদস্য যুক্ত হন। ২০০৭ সালের দিকে ইলেকট্রিক গিটার, ড্রামস, বেইজসহ নতুনভাবে আবির্ভূত হয় চিৎকার।
শুরুর দিকে ব্যান্ডের নাম নিয়ে অনেক অম্লমধুর স্মৃতি আছে এই ব্যান্ডের সদস্যদের। অনেকেই অবাক হতো, প্রশ্ন করত ব্যান্ডের নাম ‘চিৎকার’ কেন? এই প্রসঙ্গে চিৎকারের ভাষ্য, ‘অনুভূতির বাধাহীন প্রকাশই চিৎকার। আমাদের ভেতরের কথা দ্বিধাহীনভাবে বলতে পারাই চিৎকার। সেই আকাঙ্ক্ষার তীব্র প্রকাশ আমাদের গানে। তাই ব্যান্ডের নাম চিৎকার।’
চিৎকার তাদের প্রথম গান ‘এখন আমি নদীর মতো চলি’ অনলাইনে প্রকাশ করে ২০১২ সালে। একই বছর অনলাইনে প্রকাশ পায় তাদের দ্বিতীয় গান ‘এখন ভাঙচুরের সময়’। চিৎকারের প্রথম অ্যালবাম চিৎকার, জি-সিরিজ থেকে প্রকাশিত হয় গত বছর ১০ ফেব্রুয়ারি। সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন ও কনসার্ট আয়োজন করেন চিৎকারের বন্ধুরা।
অ্যালবাম প্রকাশের পর বিভিন্ন এফএম রেডিওতে একযোগে বাজছে চিৎকারের গান। যদিও অ্যালবাম প্রকাশের অনেক আগে থেকেই চিৎকার টিভি চ্যানেল আর রেডিওগুলোতে নিয়মিত গাইতে শুরু করে। এখন চলছে প্রথম অ্যালবামের মিউজিক ভিডিও নির্মাণের কাজ। আর এই বছর শেষে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম।
চিৎকার অ্যালবামে গান আছে নয়টি। গানগুলোর গীতিকার ও সুরকার পদ্ম। চিৎকার ব্যান্ডের সদস্যরা হলেন পদ্ম (কণ্ঠ ও মন্দিরা) রাব্বী, সজীব ও অতনু (গিটার ও কণ্ঠ), শুভ (বেইজ) এবং তুহিন (ড্রামস)।
সামনের দিনগুলোর পরিকল্পনা প্রসঙ্গে চিৎকার থেকে জানানো হয়, চিৎকার মানুষের প্রাণে অনুপ্রেরণা, আকাঙ্ক্ষা আর প্রেমের সুর হয়ে বাজতে চায়। সেই কথাই থাকবে চিৎকারের গানে।