চীনা বসন্ত উৎসবে বিস্ময়জাগানিয়া অ্যাক্রোবেটিক প্রদর্শনী
মানুষের শরীর কি এভাবে আঁকাবাঁকা করা সম্ভব, হতে পারে এত নমনীয়! চোখে দেখেও বিস্ময়ের ঘোর কাটছিলনা গতকাল দুপুরে শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে উপস্থিত দর্শকদের।গতকাল রোববার দুপুরে চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত উৎসবে পরিবেশন করা হয়েছিল চীনের বিস্ময়কর অ্যাক্রোবেটিক। শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে আয়োজিত এ উৎসবে চীনা খাদ্য এবং বিভিন্ন সামগ্রীর প্রদর্শন ছাড়াও ছিল নৃত্য পরিবেশনা। অনুষ্ঠান শেষে দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছিল, চীনের ঝিঝিয়াং অ্যাক্রোবেটিক আর্ট ট্রুপের এবং ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থীদের পরিবেশনায় তারা মুগ্ধ। দুপুরে অনুষ্ঠানের শুরুতে ছিল অ্যাক্রোবেট প্রদর্শনী। শারীরিক কসরত ছাড়াও বল, লাঠি, বিভিন্ন ধাতব ও প্লাস্টিকের পাত্র নিয়ে নানা রকম কসরত প্রদর্শন করা হয়। এ সময় দর্শকসারির সব আসন ছিল পরিপূর্ণ। বিস্ময় নিয়ে তারা উপভোগ করে এসব নান্দনিক পরিবেশনা। এরপর পরিবেশিত হয় সে দেশের হাজার বছরের পুরোনো বর্ণিল রাজকীয় নৃত্য। গানের তালে তালে সেই নৃত্যও ছিল এককথায় অপূর্ব।