চীনা লেখকদের সঙ্গে মতবিনিময়

সাংস্কৃতিক বিপ্লবের পর চীনে শিল্প-সাহিত্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। গণমানুষের কথা চীনা কবি-লেখকেরা নিজস্ব শিল্পরীতিতে বাঙ্ময় করে তুলেছেন তাঁদের সাহিত্যকর্মে। পশ্চিমা সাহিত্য রীতির অনুকরণের বদলে দেশজ আধুনিকতার রূপ রীতিতে চীনা লেখকেরা ভীষণ আস্থাবান। একই সঙ্গে আন্তর্জাতিকতার আবহেও চীনা সাহিত্য সমুজ্জ্বল।
এমন মন্তব্য চীনা লেখকদের। তাঁরা আজ শুক্রবার সকালে বাংলা একাডেমিতে বাংলাদেশের বিশিষ্ট লেখকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।
বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে চীনের কেন্দ্রীয় লেখক সমিতির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সফররত চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনা লেখক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি হে জিয়ানমিং। তাঁর নেতৃত্বে এ দলে ছিলেন হু উই, ছেন ইয়াজুন, লি হাউ এবং লিন জুইমিই।
বাংলাদেশের লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যজন রামেন্দু মজুমদার, অনুবাদক নিয়াজ জামান, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ফকরুল আলম, লেখক ও প্রকাশক মফিদুল হক, কবি আসাদ চৌধুরী, কবি রুবী রহমান, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি জাহিদুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, কবি কামাল চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে সফররত চীনা লেখক প্রতিনিধি দলকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাংলাদেশ ও চীনের বর্তমান সাহিত্য এবং প্রাসঙ্গিক নানা বিষয়ে আলোচনার জন্য আমরা একত্র হয়েছি। বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিনিময়ের দারুণ সুযোগ রয়েছে।
চীনা লেখক প্রতিনিধি দলের সদস্যবৃন্দ তাঁদের বক্তব্য জানান, সাম্প্রতিক সময়ে নন ফিকশন, শিশুসাহিত্য ইত্যাদি ক্ষেত্রে যেমন চীনা লেখকেরা প্রভূত মনোযোগ প্রদান করছেন, পাশাপাশি ইন্টারনেট-বিপ্লবের ফলে অনলাইনভিত্তিক সাহিত্যচর্চাও চীনে জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশের লেখকবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের জনগণ এবং লেখকেরা চীনের সাধারণ মানুষের সঙ্গে গভীর একাত্মতা বোধ করেন। বিগত শতকের পঞ্চাশ ও ষাট দশকে চীনা সাহিত্যের বিপুল বাংলা অনুবাদ চীনের প্রকৃতি, রাজনৈতিক ইতিহাস এবং সাধারণ মানুষের জীবনধারা ও সংগ্রাম সম্পর্কে ধারণা লাভে সহায়ক হয়েছে। তাঁরা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে তা-র সমান্তরালে বুদ্ধিবৃত্তিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলা ও চীনা উভয় ভাষায়, উভয় দেশের সাম্প্রতিক কবিতা, কথাসাহিত্য ও অন্যান্য লেখালেখির প্রতিনিধিত্বমূলক সংকলন প্রকাশ করা যেতে পারে।