চীনা শিল্পীদের অনুপম পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল সন্ধ্যায় চীনের শিল্পীদের একটি বিশেষ পরিবেশনা l ছবি: আশরাফুল আলম
জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল সন্ধ্যায় চীনের শিল্পীদের একটি বিশেষ পরিবেশনা l ছবি: আশরাফুল আলম

দর্শক সারিতে যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই চীনের ভাষা জানেন না। না জানলেও শিল্পের একটি চিরন্তন ভাষা আছে, সেই ভাষাটি বুঝতে দর্শকদের বিশেষ অসুবিধা হলো না। দর্শকেরা পুরোটা সময় রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে থাকলেন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
গতকাল রোববার চীনের হেনান প্রদেশের আর্ট ট্রুপের শিল্পীরা দেখালেন তাঁদের প্রতিভা ও দক্ষতা। প্রতিটি পরিবেশনা শেষে করতালি আর উল্লাসধ্বনি জানান দিচ্ছিল চীনা দলটির পরিবেশনায় তাদের মুগ্ধতা।
গত বছরের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পাদিত যৌথ ইশতেহারে ২০১৭ সালকে বাংলাদেশ ও চীনের ‘২০১৭: বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ হিসেবে ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে প্রথম আয়োজনটি ছিল গতকাল। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াং সিচাও এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মুনমুন আহমেদের নেতৃত্বে তাঁর দল রেওয়াজ পরিবেশন করে পাখি-নৃত্য। ‘অভিযাত্রা’ শিরোনামের এ পরিবেশনায় তুলে আনা হয় পাখির জীবনসংগ্রাম। এরপর ঢাকা সাংস্কৃতিক দল সম্মিলিত কণ্ঠে চীনা ভাষায় গান গেয়ে শোনায়। এরপরই মঞ্চে আসেন হেনান আর্ট ট্রুপের শিল্পীরা। তাঁরা নৃত্যের ছন্দে তুলে আনেন চীনের বিভিন্ন ঐতিহ্য। এ সময় মঞ্চে থাকা বিশাল এলইডি মনিটরে তুলে আনা হয় চীনের ঐতিহ্যবাহী নানা স্থাপনার আলোকচিত্র। পরে মঞ্চে পরিবেশন করা হয় শাওলিন, যা কুংফু নামেই অধিক পরিচিত। এরপর ভায়োলিনসদৃশ চীনা লোক বাদ্যযন্ত্রের পরিবেশনার প্রথমে ছিল চীনের লোকজ গানের সুর। যার সঙ্গে ঘোড়দৌড়ের শব্দের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। পরিবেশনার শেষ পর্যায়ে যন্ত্রে উঠে আসে ঘোড়ার হ্রেষা ধ্বনি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গ্রামছাড়া ওই রাঙামাটির পথ’ গানটিও উঠে আসে চীনা যন্ত্রটি থেকে। পরে ছিল দলটির নারী সদস্যদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক শো। শারীরিক কসরতের মধ্য দিয়ে তাঁরা মুগ্ধ করেন দর্শকদের। সব মিলিয়ে প্রায় দুই ঘণ্টার দারুণ এই আয়োজন পিনপতন নীরবতার মধ্য দিয়ে শেষ হয়।
আজ সোমবার সন্ধ্যায়ও একই পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির থাকবে ৩৫ সদস্যের দলটি।
‘বাংলা সিনেমার বিশ্ব যাত্রা’
পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন গতকাল ছিল ‘বাংলা সিনেমার বিশ্ব যাত্রা’ শীর্ষক মুক্ত আলোচনা। রোববার আলিয়ঁস ফ্রঁসেজে ইন্টারন্যাশনাল ইমারজিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের যৌথ অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচনা প্রতিষ্ঠানের সভাপতি অ্যালেনথেশিয়ান, আইইএফটিএর সভাপতি মার্কো এ ওরসিনি, জাকির হোসেন, সামিয়া জামান, তৌকীর আহমেদ, পরিচালক আবু সাঈদসহ বিশ্বের বিভিন্ন দেশের নতুন চলচ্চিত্র পরিচালকেরা।
মার্কো তাঁর বক্তব্যে বাংলাদেশি পরিচালকেরা কীভাবে বিশ্ববাজারে তাঁদের ফিল্ম প্রদর্শিত হবে এবং অর্থ উপার্জন করতে পারবেন সে ব্যাপারে দিকনির্দেশনা দেন।