চীনা শিল্পীদের শারীরিক কসরতে মুগ্ধ দর্শক
দুই পায়ের ওপর দুটি ছোট আকৃতির ঝাড়বাতির মতো পাত্র। দুই হাতের ওপরও তাই। কপালের ওপর আরেকটি পাত্র। এ পাঁচটি পাত্র নিয়ে গোলাকৃতির ছোট একটি মঞ্চে বাদ্যের তালে তালে শারীরিক কসরত দেখাচ্ছে কিশোরী এক শিল্পী। একবার মাথা ওপরের দিকে রেখে সে নিজের শরীর সম্পূর্ণ বাঁকিয়ে ফেলছে, আবার দুই পায়ের মাঝখান দিয়ে মাথা বের করছে। মুগ্ধ করার মতো অদ্ভুত সুন্দর দৃশ্য। কিশোরীর এ কসরতের সময় মিলনায়তনজুড়ে দর্শকরা মুহুর্মুহু করতালি দিয়ে আর উল্লাসধ্বনি করে জানান তাঁদের মুগ্ধতা।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চীনা এক্রোবেট শিল্পীদের আয়োজনে দেখা গেছে কিশোরীর এ কসরত। এতে অংশ নিচ্ছে চীনা এক্রোবেটিক আর্ট ট্রুপ। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল থেকে এ এক্রোবেট প্রদর্শনী শুরু হয়েছে। তিন দিনের এ প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝাং শিয়েন ই, ২০ সদস্যের চীনা এক্রোবেটিক আর্ট ট্রুপের দলনেতা ঝাং ইউশেং ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।আলোচনা পর্ব শেষে ছিল এক্রোবেট পরিবেশনা। দুই দেশের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ চীনের এক্রোবেট শিল্পীরা পরিবেশন করে মনোমুগ্ধকর বিভিন্ন কসরত। শুরুতে ছিল চীনের দুই হাজার বছর আগের নৃৃত্য ‘ডায়াবোনি’। রঙিন কাপড় ছুড়ে আর দুই হাতে লাঠির ওপর প্লেট নিয়ে শিল্পীরা নৃত্য পরিবেশন করে। ছিল দড়ির ওপর খেলাসহ আরও অনেক পরিবেশনা। পুরো আয়োজনেই ছিল শিল্পীদের চমৎকার নৈপুণ্য আর পারদর্শিতা প্রদর্শন।মিলনায়তনের প্রবেশমুখে অব্যবস্থাপনা, ঠিক সময়ে অনুষ্ঠান শুরু না করাসহ আয়োজনের নানা ত্রুটি নিয়ে শুরুতে দর্শকদের মনে থাকা ক্ষোভ এক্রোবেট শিল্পীদের পরিবেশনায় অনেকটাই প্রশমিত হয়। ‘নতুন গানে বর্ষার আবাহন’বাঙালি জীবনে বর্ষা আসে সৌভাগ্যের প্রতীক হয়ে। বর্ষা মানেই ভিন্ন এক মেজাজ। শত বাধা-বিপত্তি উপেক্ষা করে বর্ষা আমাদের সংস্কৃতিতে আনে উৎসবের আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বর্ষা এসেছে বারবার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানেও আছে বর্ষা। সংখ্যায় কম হলেও আরও অনেক কবি, গীতিকার বর্ষার গান রচনা করেছেন। এমন কিছু গান নিয়ে সংগীত সংগঠন নিবেদন গতকাল আয়োজন করে ‘নতুন গানে বর্ষার আবাহন’ শীর্ষক সংগীতানুষ্ঠানের। কবিগুরুর মহাপ্রয়াণ উপলক্ষে সন্ধ্যা সাতটায় ছায়ানট মিলনায়তনে শুরু হয় এ আয়োজন।শুরুতে ছিল সমবেত গান—‘মেঘ পাঠালো নতুন গানের নিমন্ত্রণ...’। পরে একে একে ১৯টি একক গান পরিবেশিত হয়। গানগুলোর মধ্যে রয়েছে ‘আকাশে আকাশে লেগেছে কী ধুম’, ‘আমি যে সুরই বাজাতে চাই’, ‘কণ্ঠে আমার বাদল বেলার গান’, ‘শ্রাবণের মেঘ এসে’,‘ওগো মেঘ উড়ে যাও’ ইত্যাদি। গানগুলো পরিবেশন করেন বিশ্বজিৎ রায়, সুমা রায়, নওশীন তাবাস্সুম, মেহনাজ প্রিয়াংকা, আফরোজা খন্দকার প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় সমবেত কণ্ঠে ‘আষাঢ় ওরে আকুল আষাঢ়’ গান পরিবেশনার মধ্য দিয়ে। স্প্যানিশ গিটার লার্নিং মেথডশিল্পী অশোক কুমার পাল দীর্ঘদিন ধরে গিটার চর্চা করছেন। গিটার শিক্ষক হিসেবে তাঁর খ্যাতিও আছে। এবার তিনি গিটার শেখার একটি বই প্রকাশ করেছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে তাঁর স্প্যানিশ গীটার লার্নিং মেথড বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। সুরেলা আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন সুরকার শেখ সাদী খান। অনুষ্ঠানে গিটার শিক্ষা পদ্ধতির ওপর ভিডিওচিত্র প্রদর্শিত হয়।শেষ হলো সুলতান উৎসবনড়াইল প্রতিনিধি জানান, গতকাল দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচ হয়। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন তৃতীয়বারের মতো আয়োজন করে তিন দিনব্যাপী সুলতান উৎসবের। বিকেলে চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ছাড়াও সুলতান মঞ্চে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পী রফিকুন নবী।