চীনা সাংস্কৃতিক উৎসব
চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের সাংস্কৃতিক উৎসব। তিন দিনের এই উৎসবে ‘ডাংহাং মেলোডি: দ্য চার্ম অব সিল্ক রোড’ শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে চীনের গানসু অপেরা হাউস। বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার, চীনা দূতাবাস ও শিল্পকলা একাডেমী সম্মিলিতভাবে এই উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে লোকজ নৃত্যনাট্য, সংগীত, যন্ত্রসংগীত, অ্যাক্রোবেটিক শো। তিন দিনের এই উৎসবের প্রথম দুই দিন ২ ও ৩ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত হবে। শেষ দিন ৪ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। প্রথম দুই দিনের অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদের জন্য। শেষ দিনের অনুষ্ঠান সামরিক বাহিনীর সদস্যদের জন্য।
একাডেমীর নাট্যশালার সেমিনার হলে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর চ্যাং শিয়াং, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি এম দেলোয়ার হোসেন, মহাসচিব এইচ এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।