চীনে উচ্চতর প্রশিক্ষণ নেবে শিশুশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার চীনে যাওয়ার আগে ঢাকায় বিমান বন্দরে খুদে অ্যাক্রোবেটিক শিল্পীরা।
সোমবার চীনে যাওয়ার আগে ঢাকায় বিমান বন্দরে খুদে অ্যাক্রোবেটিক শিল্পীরা।

এক বছরের উচ্চতর প্রশিক্ষণে চীন গেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ১১ শিশুশিল্পী। ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পকলা একাডেমি বাছাই করে ১১ খুদে শিল্পী। চীন ও বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শিশুদের এই দলটি এক বছরের উচ্চতর প্রশিক্ষণের জন্য চীনের বেইজিং ইন্টারন্যাশনাল আর্টস স্কুলে যাচ্ছে। গতকাল সোমবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছে তারা। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দলটি এই প্রশিক্ষণে যাচ্ছে।

এর আগে গত রোববার শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের ১১ খুদে অ্যাক্রোবেটিক উচ্চতর প্রশিক্ষণার্থী চীন যাত্রা গমন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘অ্যাক্রোবেটিক পারফর্মারদের পেশাদারির দিকটি আমাদের সত্যি বিবেচনা করতে হবে। বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসে যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। তাদের প্রশিক্ষণটিও বৃথা যাবে।’

রোববার শিল্পকলা একাডেমিতে খুদে শিল্পীদের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ও বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী ও শিল্পকলা একাডেমির কর্মকর্তারা
রোববার শিল্পকলা একাডেমিতে খুদে শিল্পীদের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ও বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী ও শিল্পকলা একাডেমির কর্মকর্তারা

‘তাদের পেশাদারির দিকটি সরকার ভাববে এবার। ভাবছি, দেশের প্রতিটি স্কুলে সংগীত-নৃত্যকলার মতো অ্যাক্রোবেটিক শিক্ষকও নিয়োগও দেওয়া যায় কি না। এতে তাদের পেশার বিষয়টিও নিশ্চিত হতে পারে।’
চীন যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেন, ‘বাংলাদেশ ও চীন-দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তিটিও ভীষণ কার্যকর। এই শিশুদের দলটিকে আমরা ভীষণ যত্নে প্রশিক্ষণ দেব। ফিরে এসে পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দেবে তারা।’
শিল্পকলা একাডেমির সচিব এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন চৌধুরী জানান, এ বছর ১১ শিশুশিল্পীর সঙ্গে একজন দলীয় প্রধান সার্বক্ষণিক অবস্থান করবেন। এ ছাড়া চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা অভিভাবক হিসেবে নিযুক্ত থাকবেন।