চীনে রবার্ট ডি নিরোর প্রোজেক্ট ১৭৯!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডি নিরো
রবার্ট ডি নিরো

মনে হতেই পারে রবার্ট ডি নিরো অভিনীত এটি কোনো নতুন ছবির নাম, যার শ্যুটিং হচ্ছে চীনে। কিন্তু বিষয়টি একবারেই ভিন্ন। চীনের সাংহাইয়ে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে মিলে নতুন একটি প্রোজেক্টের কাজ হাতে নিয়েছেন অস্কারজয়ী হলিউডের অভিনেতা রবার্ট ডি নিরো। নতুন এই প্রোজেক্টের অংশ হিসেবে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র, হোটেল এবং রেস্তরাঁ তৈরি করা হবে।
নতুন এ প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে ‘প্রোজেক্ট ১৭৯’। এ প্রসঙ্গে ৭০ বছর বয়সী ডি নিরো বলেন, ‘আমরা এমন একটি স্থাপনা তৈরি করতে চাই যেখানে সাংহাইয়ের রোমাঞ্চকর ইতিহাসের প্রতিফলন পাওয়া যাবে। সেভাবেই স্থাপনাটির নকশা করা হবে। এর মাধ্যমে সাংহাইয়ের ঘটনাবহুল ও সমৃদ্ধ অতীতকে শ্রদ্ধা জানাতে চাই আমরা।’ জানিয়েছে হলিউড রিপোর্টার। অভিনয়ে সাফল্যের পাশাপাশি নিজেকে ঝানু ব্যবসায়ী হিসেবেও প্রমাণ করেছেন ‘দ্য গডফাদার’ তারকা রবার্ট ডি নিরো।
চলচ্চিত্র ও টিভি ও প্রযোজনা সংস্থা ট্রাইবেকা প্রোডাকশনসের কর্ণধার তিনি। ট্রাইব্রেকা এন্টারপ্রাইজ নামেও একটি প্রতিষ্ঠান আছে তাঁর। নবু হসপিটালিটি গ্রুপ কিংবা ট্রাইবেকা গ্রিলের মতো হোটেল ও রেস্তরাঁ ব্যবসায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন ডি নিরো। এ ছাড়া ২০০২ সাল থেকে প্রতি বছর ট্রাইব্রেকা চলচ্চিত্র উত্সবের আয়োজন করে আসছেন প্রখ্যাত এ মার্কিন অভিনেতা।